ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

‘একাত্তরের দালাল’ ধ্বনি উঠতেই উত্তাল শহীদ মিনার—তারপর যা হলো!

২০২৬ ফেব্রুয়ারি ২১ ১০:৪৬:০১
‘একাত্তরের দালাল’ ধ্বনি উঠতেই উত্তাল শহীদ মিনার—তারপর যা হলো!

নিজস্ব প্রতিবেদক: অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন শফিকুর রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দলীয় নেতাদের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ শেষে বের হওয়ার সময় উপস্থিত একদল ব্যক্তি তাকে লক্ষ্য করে ‘একাত্তরের দালালরা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান দিতে থাকেন। এতে শহীদ মিনার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শফিকুর রহমান শ্রদ্ধা নিবেদন শেষে মঞ্চের পেছন দিয়ে বেরিয়ে যাওয়ার সময় কয়েকজন বিক্ষোভকারী তার পথ রোধের চেষ্টা করেন এবং ১৯৭১ সালের ভূমিকা নিয়ে স্লোগান দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরাও পাল্টা স্লোগান দেন।

পাল্টাপাল্টি স্লোগানের কারণে শহীদ মিনার এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে নিরাপত্তাবেষ্টনীতে স্থান ত্যাগ করেন জামায়াত আমির।

এর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিরোধীদলীয় নেতা হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবেই তিনি শহীদ মিনারে এসেছেন। তবে শহীদ মিনারে ফুল দেওয়া ইসলামি শরিয়তে বৈধ কি না—এ প্রশ্নে তিনি সরাসরি মন্তব্য করেননি।

তিনি আরও বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো তাদের নৈতিক দায়িত্ব। একটি দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

শহীদ মিনার থেকে ফিরে শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে গিয়ে ভাষা শহীদদের কবর জিয়ারত করেন এবং দোয়া করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে