ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬

রমজানে স্কুল বন্ধ নাকি খোলা—জানালেন মাউশি ডিজি

২০২৬ ফেব্রুয়ারি ১৬ ১৭:২২:২৪
রমজানে স্কুল বন্ধ নাকি খোলা—জানালেন মাউশি ডিজি

নিজস্ব প্রতিবেদক: পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া নির্দেশনার বিরুদ্ধে আপিল করেছে সরকার। আপিলের শুনানি শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর মহাপরিচালক প্রফেসর বি এম আব্দুল হান্নান।

তিনি বলেন, “হাইকোর্টের নির্দেশনার বিরুদ্ধে আজই আপিল করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি শেষে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হবে স্কুল খোলা থাকবে নাকি বন্ধ থাকবে।”

এদিকে সরকারের আপিলের প্রেক্ষিতে রমজান মাসে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।

রিট আবেদনে বলা হয়, দেশের অধিকাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রথা চালু রয়েছে। সংবিধানের ৩১ অনুচ্ছেদ ও ১৫২(১) অনুচ্ছেদের আলোকে রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত অসাংবিধানিক বলে দাবি করা হয়।

এছাড়া আবেদনে উল্লেখ করা হয়, রমজান মাসে শিক্ষার্থীদের দীর্ঘ সময় ক্লাস ও যাতায়াতে কষ্ট হয়, যা ধর্মীয় অনুশীলনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। একই সঙ্গে রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলে নগর এলাকায় যানজট বেড়ে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ার আশঙ্কার কথাও তুলে ধরা হয়।

নোটিশের সন্তোষজনক জবাব না পাওয়ায় পরবর্তীতে রিট দায়ের করা হয় বলে জানা গেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে