ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

শহীদ মিনারে ফুল দিতেই পারলেন না রুমিন ফারহানা

২০২৬ ফেব্রুয়ারি ২১ ১০:৫৪:১৯
শহীদ মিনারে ফুল দিতেই পারলেন না রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক: বাধার মুখে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেননি। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে রাত পৌনে ১২টার দিকে পুষ্পস্তবক নিয়ে শহীদ মিনারে পৌঁছান রুমিন ফারহানা ও তার কর্মী-সমর্থকেরা। শহীদ বেদির সামনে অপেক্ষার সময় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে উত্তেজিত কিছু নেতাকর্মী রুমিন ফারহানার আনা পুষ্পস্তবক ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করলে তিনি কর্মী-সমর্থকদের প্রহরায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন। ফলে তিনি পুষ্পস্তবক অর্পণ করতে পারেননি।

ঘটনার প্রতিবাদে পরে তার সমর্থকেরা ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর প্রথম গেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের সময় সড়কে আগুন জ্বালিয়ে ঘটনার বিচার দাবি করা হয়।

রুমিন ফারহানা অভিযোগ করেন, নিয়ম অনুযায়ী প্রথমে ফুল দিতে গেলে বিএনপির কিছু নেতাকর্মী পূর্বপরিকল্পিতভাবে বাধা দেয়। নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে তিনি বলেন, দীর্ঘ সময় পর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তার পরিণতি ভালো হবে না। দলের পদ ব্যবহার করে যারা সহিংসতায় জড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানান, শহীদ মিনারে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও স্লোগান দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে