ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

নারী প্রার্থীকে চড়থাপ্পড় মারলেন বিএনপি নেতা

২০২৬ ফেব্রুয়ারি ১২ ১৮:৪৮:৫৩
নারী প্রার্থীকে চড়থাপ্পড় মারলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগমকে ভোটকেন্দ্রের সামনে চড়থাপ্পড় মারার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে পবার নলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

হাবিবা বেগম ‘ফুটবল’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি মোহনপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা কৃষক লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক।

ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কথা বলার একপর্যায়ে এক ব্যক্তি হাবিবা বেগমকে সজোরে থাপ্পড় মারেন। এতে তিনি মাটিতে পড়ে যান। পরে উঠে দাঁড়ালে তাকে আবারও থাপ্পড় মারা হয়। এ সময় তার সঙ্গে থাকা লোকজন এগিয়ে এসে তাকে সরিয়ে নেন। পরে আরেক ব্যক্তি অভিযুক্তকে সেখান থেকে দূরে নিয়ে যান।

স্থানীয় বাসিন্দাদের দাবি, হামলাকারীর নাম রজব আলী। তিনি পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।

ঘটনার পর হাবিবা বেগম দুই বছরের সন্তানকে কোলে নিয়ে কেন্দ্রের সামনে একটি চেয়ারে বসে থাকেন। তিনি অভিযোগ করেন, ভোটকেন্দ্রের সামনে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও ভোট চাইছিলেন। এ সময় রজব আলী তার প্রচারণায় বাধা দেন। কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে চড়থাপ্পড় মারা হয়।

হাবিবা বেগমের প্রধান নির্বাচনি এজেন্ট আকবর হোসেন বলেন, “একজন নারী প্রার্থীর গায়ে এভাবে হাত তোলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমরা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে জানিয়েছি। কিন্তু তিনি বলেছেন, ঘটনাটি কেন্দ্রের বাইরে ঘটেছে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকেও জানানো হবে। আমরা ঘটনার বিচার চাই।”

বিকেল ৪টার দিকে হাবিবা বেগমকে একটি ব্যক্তিগত গাড়িতে করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তিনি জানান, মারধরের পর থেকে কানে কম শুনছেন এবং কথা বলতে কষ্ট হচ্ছে।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত রজব আলীর সঙ্গে যোগাযোগ করা যায়নি।ঘটনাস্থলে উপস্থিত হরিয়ান ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান বলেন, রজব আলী তাদের দলের নেতা হলেও ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তিনি জানেন না। উপস্থিত বিএনপি নেতাকর্মীদের কেউ রজব আলীর ফোন নম্বর দিতে রাজি হননি।

রাজশাহীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কাদেরী বলেন, “ভোটকেন্দ্রের সামনে ভোট চাওয়া নিয়ে একজন প্রার্থীর সঙ্গে বাগবিতণ্ডার কথা শুনেছি। তবে মারধরের বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি।”

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে