ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

দেশবিরোধী শক্তি আবারও সহিংসতায় জড়িয়ে পড়ছে: মির্জা ফখরুল

২০২৫ ডিসেম্বর ১৪ ১১:৩০:০৬
দেশবিরোধী শক্তি আবারও সহিংসতায় জড়িয়ে পড়ছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের মাধ্যমে যখন দেশের মানুষ একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, ঠিক সেই মুহূর্তেই দেশবিরোধী শক্তি আবারও হত্যাকাণ্ড ও সহিংসতায় জড়িয়ে পড়ছে। সম্প্রতি ঘটে যাওয়া একটি হত্যাচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আশঙ্কা করছি যে এই রকম আরও ঘটনা ঘটতে পারে।’

রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে সেখানে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, গণতান্ত্রিক প্রক্রিয়া যখন এগিয়ে যাচ্ছে, তখনই আবার হত্যাচেষ্টা ও সহিংসতার মতো ঘটনা সামনে আসছে। আমরা আশঙ্কা করছি, এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে।’

তিনি ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের কথা স্মরণ করে বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক, কবি, সাহিত্যিক ও সাংবাদিকদের ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করেছিল। এর মাধ্যমে জাতি তার শ্রেষ্ঠ সন্তানদের হারায়।

বুদ্ধিজীবী হত্যাকাণ্ডকে ইতিহাসের এক ভয়াবহ পরিকল্পিত অপরাধ হিসেবে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাদেশকে মেধাশূন্য করার লক্ষ্যেই সেই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। এই দিনে আমরা বারবার সেই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করি এবং স্বাধীনতার চেতনাকে আরও সামনে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করি।’

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। তাঁর পক্ষ থেকে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে আজ তারা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে