×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ভারতের বিপরীতে বাংলাদেশের ঢাল হয়ে দাঁড়ানোর ঘোষণা চীনের

২০২৬ নভেম্বর ২৭ ১১:২১:৩০
ভারতের বিপরীতে বাংলাদেশের ঢাল হয়ে দাঁড়ানোর ঘোষণা চীনের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে নিয়ে ভারতের কয়েকজন রাজনৈতিক নেতার বিতর্কিত ও উসকানিমূলক বক্তব্যের মধ্যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। ঢাকায় একাধিক কূটনৈতিক অনুষ্ঠানে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনভাবে উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকারের প্রতি বেইজিংয়ের সমর্থনের কথা জানিয়েছেন।

সম্প্রতি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের কয়েকজন বিজেপি নেতা বাংলাদেশকে নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছেন। এর মধ্যে গত ২৪ নভেম্বর পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দেন। বাংলাদেশের হিন্দুদের হত্যার প্রতিশোধ নেওয়ার কথাও বলেন তিনি। তাঁর এ বক্তব্য ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

এর আগে ঝাড়খণ্ডের বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবে নোয়াখালী, চট্টগ্রাম বন্দর ও সিলেট অঞ্চল ভারতের পুনর্দখল করা উচিত বলে মন্তব্য করেন। গত ৭ নভেম্বর তাঁর এ বক্তব্য প্রকাশ্যে আসে।

এ ছাড়া পশ্চিমবঙ্গের আরও কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে বাংলাদেশকে নিষিদ্ধ করা, সীমান্ত বন্ধ করে দেওয়া এবং যুদ্ধের আহ্বান জানানোর মতো বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। এসব বক্তব্য ঘিরে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

এমন পরিস্থিতিতে গত ২৫ নভেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয় ‘২০২৬ ঢাকা ফোরাম অন বাংলাদেশ-চায়না রিলেশনস’। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং চীন-সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ড. লিউ ইউইন বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় চীনের দৃঢ় সমর্থন রয়েছে। বাংলাদেশের জনগণের নিজেদের উন্নয়নের পথ স্বাধীনভাবে বেছে নেওয়ার অধিকারকেও সম্মান করে বেইজিং।

চীনা কূটনীতিক আরও বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষতা বৃদ্ধির মতো খাতে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। চীনের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার আলোকে দুই দেশ অভিন্ন ভবিষ্যৎ গড়তে কাজ করতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জাবিউল্লাহ। তিনি বাংলাদেশ ও চীনের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মত দেন। বন্দর উন্নয়ন, আঞ্চলিক যোগাযোগ এবং চীন-বাংলাদেশ-মিয়ানমার অর্থনৈতিক করিডরের মতো বিষয়ও আলোচনায় উঠে আসে।

এর আগে ২৩ নভেম্বর ঢাকায় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে বাংলাদেশের অংশগ্রহণের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আরেক অনুষ্ঠানে ড. লিউ ইউইন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি চীনের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বলেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে বিশ্বাস করে চীন।

বিশ্লেষকদের কাছে ভারতের কয়েকজন নেতার বক্তব্য এবং বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে চীনের অবস্থান আঞ্চলিক ভূরাজনীতির আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। তবে চীনের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানানো হলেও সামরিকভাবে বাংলাদেশকে রক্ষায় সরাসরি হস্তক্ষেপের কোনো ঘোষণা পাওয়া যায়নি।

বাংলাদেশ-চীন সম্পর্কের ক্ষেত্রে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো ও প্রযুক্তিগত সহযোগিতার পাশাপাশি পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি সম্মানকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিবেশী দেশের রাজনৈতিক নেতাদের বিতর্কিত বক্তব্যের প্রেক্ষাপটে চীনের এই কূটনৈতিক অবস্থান বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

খাওলা/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে