×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

‘আমাকে বাঁচান, আমাকে বাঁচান’ নিয়ে এবার কাদেরের স্ট্যাটাস

২০২৬ নভেম্বর ২৭ ১২:৪৬:০৬
‘আমাকে বাঁচান, আমাকে বাঁচান’ নিয়ে এবার কাদেরের স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময়কার একটি পুরোনো ফেসবুক লাইভ ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিপদের মুহূর্তে আন্দোলনের নেতা রাশেদ খানকে ‘আমাকে বাঁচান’ বলে সাহায্য চাইতে দেখা যায়। তার সেই অসহায় মুহূর্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পক্ষের ব্যঙ্গ-বিদ্রূপ ও রসিকতার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের।

বুধবার বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান। কাদেরের মতে, রাশেদ খানের বর্তমান রাজনৈতিক অবস্থান বা বক্তব্যের সঙ্গে কারও দ্বিমত থাকলে যুক্তিতর্কের মাধ্যমে সমালোচনা করা যেতে পারে। কিন্তু অতীতের নির্যাতন কিংবা বিপদের মুহূর্ত নিয়ে হাসি-তামাশা করা গ্রহণযোগ্য নয়।

২০১৮ সালে দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ফেসবুক লাইভে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে রাশেদ খানের বিরুদ্ধে মামলা করে নিষিদ্ধ ছাত্রলীগ। ওই মামলায় তাকে গ্রেপ্তার করতে পুলিশ গেলে তিনি ফেসবুক লাইভে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে সাহায্য চান।

লাইভে তাকে বলতে শোনা যায়, ‘আমাকে বাঁচান, আমাকে বাঁচান, প্লিজ সবাই রাজপথে নামুন।’ একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের রাজপথে নেমে আসার আহ্বান জানান।

সম্প্রতি ভিডিওটি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাশেদ খানের সেই অসহায় মুহূর্ত নিয়ে নানা ধরনের মন্তব্য, ব্যঙ্গ ও বিদ্রূপ শুরু হয়। এ নিয়েই আপত্তি জানিয়েছেন আব্দুল কাদের।

নিজের স্ট্যাটাসে আব্দুল কাদের লেখেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে রাশেদ খানের ভূমিকা নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। অথচ বর্তমানে এনসিপি এবং জামায়াত-শিবিরের নেতাকর্মীদের একাংশ তার সেই অসহায় আকুতি নিয়ে নির্মম রসিকতা করছেন।

শিবিরের নেতাকর্মীদের ইঙ্গিত করে কাদের আরও মন্তব্য করেন, যারা এখন এসব নিয়ে মকারি করছেন, তাদের অধিকাংশই তখন ‘হিকমত’ অবলম্বন করে জালিমের সহযোগী হয়েছিলেন এবং ব্যক্তি বা দলীয়ভাবে লাভবান হয়েছিলেন। অভ্যুত্থানের পর এখন তারা নিজেদের বড় বিপ্লবী হিসেবে উপস্থাপন করছেন বলেও সমালোচনা করেন তিনি।

আব্দুল কাদেরের বক্তব্য, রাশেদ খানের বর্তমান রাজনৈতিক অবস্থান বা বক্তব্যের সঙ্গে কারও মতবিরোধ থাকতেই পারে। তার রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা কিংবা বিরোধিতা করার অধিকার সবার রয়েছে। তবে সেই সমালোচনা হওয়া উচিত যুক্তি ও রাজনৈতিক অবস্থানের ভিত্তিতে। অতীতে নির্যাতিত বা বিপদের মুখে পড়া অবস্থার ভিডিও নিয়ে বিদ্রূপ করা উচিত নয়।

তিনি আরও উল্লেখ করেন, শুধু রাশেদ খান নন, প্রতিমন্ত্রী নুরুল হক নুর এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্যাতিত অবস্থার অতীতের ছবি ও ভিডিও নিয়েও হাস্যরস করা হচ্ছে।

এ ধরনের প্রবণতা চলতে থাকলে ভবিষ্যতে রাজনৈতিক মতবিরোধের কারণে গণ-অভ্যুত্থানের নেতা নাহিদ ইসলামের রক্তাক্ত কালশিটে উরু নিয়েও রসিকতা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সব মিলিয়ে, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের পুরোনো ভিডিও ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। অতীতের আন্দোলন ও নির্যাতনের স্মৃতি নিয়ে বিদ্রূপের বদলে রাজনৈতিক মতপার্থক্য যুক্তি দিয়ে মোকাবিলার আহ্বান জানিয়েছেন আব্দুল কাদের।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে