×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

অজান্তেই সারারাত যেসব কাজ করে আপনার স্মার্টফোন

২০২৬ নভেম্বর ২৭ ১২:৪১:৫২
অজান্তেই সারারাত যেসব কাজ করে আপনার স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক: রাতে ঘুমানোর আগে স্মার্টফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন অনেকেই, আর সকালে উঠে দেখেন ব্যাটারি শতভাগ চার্জ হয়ে গেছে। তবে এ সময় ফোনে শুধু ব্যাটারির চার্জই জমা হয় না, বরং ব্যবহারকারীর অজান্তেই ফোনের ভেতরে চলতে থাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ‘অ্যান্ড্রয়েড পুলিশ’-এর এক প্রতিবেদনের বরাত দিয়ে জানানো হয়েছে, রাতে ফোন চার্জে থাকা এবং নিষ্ক্রিয় অবস্থায় ব্যাকগ্রাউন্ডে অন্তত চার ধরনের স্বয়ংক্রিয় কাজ সম্পন্ন হতে পারে।

১. ব্যাটারির চার্জ নিয়ন্ত্রণ

স্মার্টফোনের ব্যাটারির আয়ু ভালো রাখতে আধুনিক ফোনে যুক্ত করা হয়েছে স্মার্ট চার্জিং প্রযুক্তি। এই প্রযুক্তি ব্যবহারকারীর দৈনন্দিন অভ্যাস বিশ্লেষণ করে তিনি কখন ঘুমান এবং কখন ঘুম থেকে ওঠেন তা অনুমান করার চেষ্টা করে। কোনো কোনো ফোনে ব্যাটারি ৮০ শতাংশ চার্জ হওয়ার পর চার্জ নেওয়া সাময়িকভাবে আটকে রাখা হয় এবং ঘুম থেকে ওঠার কাছাকাছি সময়ে বাকি চার্জ সম্পন্ন হয়। এতে দীর্ঘ সময় ব্যাটারি পূর্ণ চার্জ অবস্থায় থাকার চাপ কমে এবং ব্যাটারির দীর্ঘমেয়াদি স্বাস্থ্য ভালো থাকে।

২. কিবোর্ডের শব্দ অনুমানের ক্ষমতা উন্নয়ন

ব্যবহারকারী ফোনে কোন শব্দ বেশি লেখেন, কীভাবে বানান সংশোধন করেন কিংবা কিবোর্ডের কোন পরামর্শ গ্রহণ করেন—এসব অভিজ্ঞতা থেকে শেখে গুগলের ‘জিবোর্ড’। ফোন নিষ্ক্রিয় থাকা অবস্থায় ব্যাকগ্রাউন্ডে এই শেখার প্রক্রিয়া চলতে থাকে। ‘ফেডারেটেড লার্নিং’ প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীর টাইপিংয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শব্দ অনুমান ও স্বয়ংক্রিয় বানান সংশোধনের ব্যবস্থা উন্নত করা হয়, যা পরবর্তীতে দ্রুত ও নির্ভুলভাবে টাইপ করতে সাহায্য করে।

৩. গ্যালারির ছবি স্বয়ংক্রিয়ভাবে সাজানো

ফোনের গ্যালারিতে হাজারো ছবি থাকলেও নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী কিংবা কোনো বস্তুর ছবি সহজেই খুঁজে পাওয়ার পেছনে কাজ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। ফোন চার্জে থাকা অবস্থায় ব্যাকগ্রাউন্ডে ছবিগুলো বিশ্লেষণের কাজ চলতে পারে। এর মাধ্যমে একই ব্যক্তির ছবি একসঙ্গে সাজানো, পোষা প্রাণী শনাক্ত করা, ছবির ভেতরের লেখা খুঁজে বের করা এবং একই ধরনের ছবি আলাদা করার কাজ সম্পন্ন হয়। ফলে পরে গ্যালারিতে নির্দিষ্ট শব্দ লিখেই প্রয়োজনীয় ছবি খুঁজে পাওয়া সহজ হয়।

৪. অ্যাপ চালুর গতি বৃদ্ধি

ব্যবহারকারী কোন অ্যাপ বেশি ব্যবহার করেন এবং কোনটি কতবার চালু করেন, এসব তথ্য বিশ্লেষণ করে ‘অ্যান্ড্রয়েড রানটাইম’ বা এআরটি (ART) ব্যবস্থা। ফোন নিষ্ক্রিয় এবং চার্জে থাকা অবস্থায় ব্যাকগ্রাউন্ডে এই ধরনের অপটিমাইজেশনের কাজ সম্পন্ন হতে পারে। এর ফলে পরবর্তী সময়ে পরিচিত অ্যাপগুলো তুলনামূলক দ্রুত চালু হয় এবং ফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো হয়।

তবে প্রতিবেদনে এটিও মনে করিয়ে দেওয়া হয়েছে যে, সব স্মার্টফোনে প্রতিদিন একইভাবে এসব কাজ হয় না। ফোনের মডেল, অ্যান্ড্রয়েড সংস্করণ এবং বিভিন্ন সেটিংসের ওপর এসব প্রক্রিয়ার ধরন ও সময় নির্ভর করে।

খাওলা/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর

উ
প
রে