×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী যাত্রা শুরু, ভাষা শিক্ষায় সরকার

২০২৬ নভেম্বর ২৬ ২০:০৪:৩১
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী যাত্রা শুরু, ভাষা শিক্ষায় সরকার

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশি কর্মীদের দক্ষতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগও শুরু করবে সরকার। দেশের ইতিহাসে প্রথমবারের মতো সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কর্মসূচি উদ্বোধনকালে এ কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী। প্রথম ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হওয়া ১১২ জন বাংলাদেশি কর্মীকে এ সময় বিদায়ী শুভেচ্ছা জানান তিনি।

বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় মালয়েশিয়া সরকারকে কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। বিদেশগামী কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সুস্থ থাকুন। আপনারা সে দেশের সংস্কৃতি ও আইনকানুন মেনে চলবেন। সুনামের সঙ্গে কাজ করবেন, এই আশা করি।’

দীর্ঘ আড়াই বছর পর বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার ফের খোলার প্রেক্ষাপটে সরকারি উদ্যোগে বিনা খরচে কর্মী পাঠানোর এই ধাপ শুরু হলো বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) তত্ত্বাবধানে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে এসব কর্মী বাছাই করা হয়েছে।

চূড়ান্ত হওয়া কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত মূল বেতনে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করার সুযোগ পাবেন। পাশাপাশি তাঁদের আবাসন ও চিকিৎসাসেবা দেবে নিয়োগকারী প্রতিষ্ঠান এবং অভিবাসনসংক্রান্ত সব খরচও বহন করবে তারা।

বোয়েসেল জানিয়েছে, এই কর্মসূচির ধারাবাহিকতায় আগামী ডিসেম্বরে বিনা খরচে আরও ২২৫ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে সংস্থাটি।

উল্লেখ্য, চলতি বছরের জুনে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সফরের অংশ হিসেবে গত ২২ জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত শ্রমবাজার খুলে দেওয়া এবং আরও বেশি কর্মী নেওয়ার আহ্বান জানান তিনি। সেই বৈঠকেই অভিবাসন খরচ কমানোর পাশাপাশি কর্মী নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই দেশের সরকারপ্রধান একমত হন।

বিমানবন্দরের উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান ও ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক দেবর্ষি মজুমদার, মহাব্যবস্থাপক নভিন্দর মুরুগিয়া, অংশীদার সারাভানাকুমার কানেসান এবং মালয়েশিয়ার সেরাম্বি সুরিয়ার আঞ্চলিক নিয়োগ পরিচালক আবদুল জলিলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

সিরাজ/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে