×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

১৩ বছর বয়সের লিওনেল মেসির স্কুলের মার্কশিট ভাইরাল

২০২৬ নভেম্বর ২৬ ১৭:১০:৪১
১৩ বছর বয়সের লিওনেল মেসির স্কুলের মার্কশিট ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল মাঠে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে বিশ্বকাপ, লা লিগা ও চ্যাম্পিয়নস লিগসহ সম্ভাব্য প্রায় সব বড় শিরোপাই জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। কিন্তু স্কুলজীবনে পড়াশোনায় কেমন ছিলেন ফুটবলের এই জাদুকর? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তাঁর সপ্তম শ্রেণির একটি পুরোনো মার্কশিট সামনে আসার পর নতুন করে আলোচনায় এসেছে বিষয়টি।

জানা গেছে, ১৩ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিও শহরের ৬৬ নম্বর জেনারেল লাস হেরাস স্কুলে পড়তেন মেসি। সপ্তম শ্রেণিতে পড়ার সময়কার একটি নম্বরপত্রের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ছবিটি কীভাবে প্রকাশ্যে এসেছে, তা জানা যায়নি। এটি কোন পরীক্ষার নম্বরপত্র, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

ছড়িয়ে পড়া নম্বরপত্রে দেখা যায়, শারীরিক শিক্ষায় ১০-এর মধ্যে ১০ পেয়েছিলেন মেসি। অর্থাৎ এ বিষয়ে তাঁর ফল ছিল শতভাগ। শিল্প ও সংগীতে পেয়েছিলেন ৮, নৈতিকতা ও নাগরিক শিক্ষায় ৭। অন্যদিকে গণিত, ভাষাশিক্ষা, সমাজবিজ্ঞান, বিদেশি ভাষা ও প্রযুক্তিতে পেয়েছিলেন ৬ করে।

অর্থাৎ পড়াশোনার অধিকাংশ বিষয়ে তাঁর ফল ছিল মোটামুটি গড়পড়তা। তবে শারীরিক শিক্ষায় পূর্ণ নম্বর পাওয়া খুব একটা বিস্ময়কর নয়। কারণ, ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল তাঁর প্রবল আকর্ষণ। স্কুলজীবনেই শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলে খেলতেন তিনি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মেসির ফলাফল খুব উজ্জ্বল না হলেও খেলাধুলাসংশ্লিষ্ট বিষয়ে তাঁর বিশেষ প্রতিভার কথা শিক্ষকেরা উল্লেখ করেছিলেন।

পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে মেসির গণিতের শিক্ষক আন্দ্রেয়া সোসা তাঁকে শান্ত ও লাজুক স্বভাবের ছেলে হিসেবে বর্ণনা করেছেন। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, মেসি খুব শান্ত ছিল। লাজুক হওয়ার কারণে ক্লাসে খুব একটা অংশ নিত না। কিন্তু ফুটবল খেলতে মাঠে গেলেই পুরোপুরি বদলে যেত সে। তখনই হয়ে উঠত সেই লিও, যাকে আজ সারা বিশ্ব চেনে।

স্কুলটির সহকারী প্রধান শিক্ষক এবং মেসির প্রথম শ্রেণির শিক্ষক মনিকা দোমিনাও তাঁর সংযত স্বভাব ও ফুটবলের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন।

তাঁর ভাষ্য অনুযায়ী, মেসি খুব শান্ত ছিল, তবে তার অনেক বন্ধু ছিল। সবাই তার সঙ্গে ফুটবল খেলতে চাইত। ক্লাস শেষ হওয়ার পর কে আগে মাঠে পৌঁছাতে পারে, তা নিয়ে বন্ধুদের মধ্যে প্রতিযোগিতা চলত। ছোটবেলা থেকেই খেলাধুলা ছিল মেসির সবচেয়ে বড় আগ্রহ।

রোজারিওতে নিজের শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে মেসি একবার বলেছিলেন, সত্যি বলতে তিনি কখনোই ভালো ছাত্র ছিলেন না। এমনকি বাড়ির খুব কাছেই স্কুল থাকা সত্ত্বেও প্রায়ই দেরি করে পৌঁছাতেন।

মেসির সেই পুরোনো মার্কশিট আবারও দেখিয়ে দিল, বিশ্বসেরা ফুটবলার হওয়ার জন্য স্কুলের পরীক্ষায় সবার সেরা হওয়া জরুরি নয়। পড়াশোনায় গড়পড়তা ফল করলেও ফুটবলের প্রতি ছোটবেলা থেকে থাকা একাগ্রতা ও প্রতিভাই তাঁকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।

খাওলা/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর

উ
প
রে