×
ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সরকারি আদেশে চেয়ারম্যান পদ হারালেন আব্দুস ছালাম

২০২৬ নভেম্বর ২৪ ১৭:৩৯:০৯
সরকারি আদেশে চেয়ারম্যান পদ হারালেন আব্দুস ছালাম

নিজস্ব প্রতিবেদক: খুলনার পাইকগাছা উপজেলার ১০ নম্বর গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম আব্দুস ছালামকে পদ থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক সরকারি আদেশে তাকে অপসারণ করা হয়। গত ১০ নভেম্বর জারি করা ওই আদেশের পরিপ্রেক্ষিতে ১৭ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সরকারি আদেশে বলা হয়েছে, চেয়ারম্যান জি এম আব্দুস ছালামের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনে অদক্ষতা, কর্তব্যে অবহেলা, আর্থিক ব্যবস্থাপনায় গুরুতর অনিয়ম, পরিষদের সম্পত্তি ব্যবস্থাপনায় অনিয়ম, সরকারি অর্থ আত্মসাৎ, নাগরিক সেবা প্রদানে প্রত্যাশিত মান বজায় না রাখা এবং সরকারি নির্দেশনা অমান্য করার অভিযোগ ওঠে।

আদেশে উল্লেখ করা হয়, এসব অভিযোগের বিষয়ে তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারার (খ) ও (গ) উপধারা অনুযায়ী তাকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি একই আইনের ৩৫(১) ধারা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত আদেশে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংশ্লিষ্ট আইনের ৩৫(১) ও (২) ধারা অনুযায়ী গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা-সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

এরই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তির অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরে পাঠানো হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে