×
ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

প্রভিশন ঘাটতির আশঙ্কা জিএসপি ফাইন্যান্সে

২০২৬ নভেম্বর ২৪ ১৬:১২:১৫
প্রভিশন ঘাটতির আশঙ্কা জিএসপি ফাইন্যান্সে

নিজস্ব প্রতিবেদক: একাধিক গুরুতর আর্থিক অনিয়ম, ঋণের বিপরীতে পর্যাপ্ত জামানত না থাকা, বিপুল পরিমাণ খেলাপি ঋণ এবং প্রভিশন ঘাটতির বিষয় উঠে এসেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) পিএলসির ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে। একই সঙ্গে চলমান কার্যক্রম অব্যাহত রাখার সক্ষমতা নিয়েও উল্লেখযোগ্য অনিশ্চয়তার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির নিরীক্ষক।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত নিরীক্ষকের প্রতিবেদনে প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থার বিষয়ে ‘কোয়ালিফায়েড অপিনিয়ন’ বা শর্তযুক্ত নিরীক্ষা মতামত দেওয়া হয়েছে। নিরীক্ষা প্রতিবেদনটি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য তৈরি করেছেন এস কে বড়ুয়া অ্যান্ড কোম্পানির চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের এনগেজমেন্ট পার্টনার পেয়ার আলী এফসিএ।

নিরীক্ষকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে জিএসপি ফাইন্যান্সের ঋণ ও লিজের স্থিতি ছিল ৯৪৬ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৪৬ টাকা। এর বিপরীতে আর্থিক প্রতিষ্ঠান কোম্পানি আইন অনুযায়ী গ্রহণযোগ্য জামানতের মূল্য ছিল মাত্র ২৪২ কোটি ৮৫ লাখ ৯৬ হাজার ৬২৫ টাকা। অর্থাৎ ঋণ ও লিজের বিপরীতে জামানতের পরিমাণ ছিল মোট স্থিতির তুলনায় অনেক কম।

এছাড়া প্রতিষ্ঠানটির ৬৯ জন ঋণগ্রহীতার মধ্যে ১১ জনের ঋণের বিপরীতে কোনো জামানত নেওয়া হয়নি। অথচ আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩-এর ১৪(১)(ছ) ধারায় নির্ধারিত ৫ লাখ টাকার সীমার বেশি জামানতবিহীন ঋণ বিতরণের সুযোগ ছিল না বলে উল্লেখ করেছেন নিরীক্ষক।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, প্রতিষ্ঠানটির মোট ঋণ ও লিজের মধ্যে শ্রেণীকৃত বা খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯২৭ কোটি ৪০ লাখ ৬ হাজার ৫৯৩ টাকা। যা মোট ঋণ ও লিজের ৯৭ দশমিক ৯৭ শতাংশ। এ বিপুল পরিমাণ খেলাপি ঋণের বিপরীতে বাংলাদেশ ব্যাংক থেকে প্রভিশন সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ সময়সুবিধা বা ডেফারেল সুবিধা নেওয়া হয়েছে।

নিরীক্ষকের মতে, খেলাপি ঋণের বিপরীতে সম্পূর্ণ প্রভিশন সংরক্ষণ করা হলে কোম্পানিটির নিট লোকসান আরও ১৫২ কোটি ৫০ লাখ ৬২ হাজার ২০৫ টাকা বেড়ে যেত। অর্থাৎ প্রভিশন সংরক্ষণে বিশেষ সুবিধা না থাকলে আর্থিক প্রতিবেদনে প্রকাশিত লোকসানের পরিমাণ আরও বেশি হতো।

এছাড়া কোম্পানিটির বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে রাখা স্থায়ী আমানত ও তার বিপরীতে অর্জিত সুদের অর্থ ফেরত পাওয়া নিয়েও অনিশ্চয়তা রয়েছে। নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সে এফডিআর ও সুদসহ মোট ২৬ কোটি ৩ লাখ ৬ হাজার ৬৮৯ টাকা, এফএএস ফাইন্যান্সে ২ কোটি ১৮ লাখ ৪৩ হাজার ৯৫০ টাকা এবং পদ্মা ব্যাংকে ৪ কোটি ৪৩ লাখ ৯৬ হাজার ৫৭৮ টাকা বিনিয়োগ দেখানো হয়েছে। এসব অর্থের বিপরীতে প্রভিশন রাখা হলেও তা আদায় করা সম্ভব হবে কি না, সে বিষয়ে উল্লেখযোগ্য অনিশ্চয়তা রয়েছে।

বিশেষ করে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স থেকে পাওয়া ব্যালেন্স কনফার্মেশনে ১৮ কোটি ৩৮ লাখ ৩৩ হাজার ৩৯৪ টাকা উল্লেখ করা হয়েছে, যা জিএসপি ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদনে দেখানো অঙ্কের সঙ্গে মিলছে না।

নিরীক্ষক আরও জানিয়েছেন, কোম্পানিটি স্থায়ী সম্পদের অবচয় নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক হিসাবমান যথাযথভাবে অনুসরণ করেনি। মোটরগাড়ি, জেনারেটরসহ কিছু সম্পদ ব্যবহার করে অর্থনৈতিক সুবিধা পাওয়া সত্ত্বেও সেগুলোর ওপর ১০০ শতাংশ অবচয় ধার্য করা হয়েছে। পাশাপাশি সম্পদের মূল্যহ্রাস হয়েছে কি না, তা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় পর্যালোচনাও করা হয়নি।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ বা ডিএফআইএমের ২০২১ সালের ২৬ জুলাইয়ের সার্কুলার অনুযায়ী, বন্ধক রাখা স্থায়ী সম্পদ অন্তত তিন বছর পরপর এবং চলতি সম্পদ প্রতিবছর পুনর্মূল্যায়ন করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু জিএসপি ফাইন্যান্স এ নির্দেশনা অনুসরণ করেনি বলে জানিয়েছেন নিরীক্ষক।

জিএসপি ইনভেস্টমেন্টসেও বড় ধরনের আর্থিক ঝুঁকি

জিএসপি ফাইন্যান্সের সহযোগী প্রতিষ্ঠান জিএসপি ইনভেস্টমেন্টস লিমিটেডের আর্থিক প্রতিবেদনেও গুরুতর অসংগতি তুলে ধরেছেন নিরীক্ষক। প্রতিষ্ঠানটির মার্জিন ঋণ, ঋণের বিপরীতে জামানতের বাজারমূল্য এবং প্রভিশন সংরক্ষণের ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি রয়েছে।

নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে জিএসপি ইনভেস্টমেন্টসের গ্রাহকদের দেওয়া মার্জিন ঋণের পরিমাণ ছিল ৩৮৩ কোটি ৯৪ লাখ ৬৯ হাজার ৪৮১ টাকা। বিপরীতে এসব ঋণের জামানত হিসেবে থাকা সিকিউরিটিজের আদায়যোগ্য বাজারমূল্য ছিল মাত্র ১৯ কোটি ১ লাখ ৪৫ হাজার ২০৭ টাকা। ঋণাত্মক ইক্যুইটির কারণে এসব মার্জিন ঋণের উল্লেখযোগ্য অংশ আদায় অযোগ্য হয়ে পড়েছে।

এ অবস্থায় জিএসপি ইনভেস্টমেন্টসের মার্জিন ঋণের বিপরীতে ৩৬৪ কোটি ৯৩ লাখ ২৪ হাজার ২৭৫ টাকা প্রভিশন সংরক্ষণের প্রয়োজন ছিল। কিন্তু প্রতিষ্ঠানটি প্রভিশন রেখেছে মাত্র ৭৭ কোটি ৩৯ লাখ ২৬ হাজার ১৭ টাকা।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে জমা দেওয়া কর্মপরিকল্পনা অনুযায়ী, ঋণাত্মক ইক্যুইটি ও অনাদায়ি লোকসানের বিপরীতে ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে প্রভিশন সংরক্ষণের সুযোগ দেওয়া হয়েছে। বিএসইসি ২০২৫ সালের ১৬ নভেম্বর এ বিষয়ে সম্মতি দেয়। তবে প্রয়োজনীয় সম্পূর্ণ প্রভিশন সংরক্ষণ করা হলে জিএসপি ইনভেস্টমেন্টসের নিট লোকসান আরও ২৮৭ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ২৫৮ টাকা বেড়ে যেত বলে জানিয়েছেন নিরীক্ষক।

চলমান কার্যক্রম অব্যাহত রাখা নিয়েও অনিশ্চয়তা

নিরীক্ষা প্রতিবেদনে জিএসপি ফাইন্যান্সের চলমান কার্যক্রম বা ‘গোয়িং কনসার্ন’ নিয়েও বিশেষ সতর্কতা প্রকাশ করা হয়েছে। নিরীক্ষকের মতে, প্রতিষ্ঠানটির ধারাবাহিক লোকসান, ঋণাত্মক ইক্যুইটি, ঋণাত্মক মূলধন পর্যাপ্ততার অনুপাত এবং ঋণাত্মক পরিচালন নগদ প্রবাহের মতো একাধিক আর্থিক ও পরিচালন সূচক কোম্পানিটির ভবিষ্যৎ কার্যক্রম অব্যাহত রাখার সক্ষমতা নিয়ে বড় ধরনের সন্দেহ তৈরি করেছে।

কোম্পানির আর্থিক প্রতিবেদনের ২.২৭ নম্বর নোটে এ বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে জিএসপি ফাইন্যান্সের শেয়ারহোল্ডারদের ইক্যুইটি ঋণাত্মক ৯৭ কোটি ১৯ লাখ ২২ হাজার ৬২ টাকা ছিল। এর মধ্যে পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৪৯৩ কোটি ৩৮ লাখ ৩৭ হাজার ১৫৭ টাকা। আগের কয়েক বছরের ধারাবাহিক লোকসানের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।

তবে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দাবি, কোম্পানিটির উল্লেখযোগ্য স্থায়ী সম্পদ, বিশেষ করে জমি ও অন্যান্য বাস্তব সম্পদ আর্থিক পুনরুদ্ধার এবং ভবিষ্যৎ ব্যবসায়িক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে।

প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থার উন্নয়নে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে খেলাপি ঋণ আদায়ে জোরালো কার্যক্রম, ঋণগ্রহীতাদের সঙ্গে সমঝোতার মাধ্যমে পাওনা আদায়, বন্ধক রাখা সম্পদ বিক্রি করে ঋণ পুনরুদ্ধার এবং বিদ্যমান সম্পদের কার্যকর ব্যবহার। পাশাপাশি বকেয়া বিনিয়োগ ও পাওনা আদায়ের মাধ্যমে নগদ প্রবাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া রাইট শেয়ার বা বন্ড ইস্যুর মাধ্যমে নতুন মূলধন সংগ্রহের বিষয়টিও বিবেচনা করছে কোম্পানিটি। তবে এসব উদ্যোগ বাস্তবায়নে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আশা করছে, উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়িত হলে কোম্পানির আর্থিক অবস্থার উন্নতি এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা ফিরে আসবে। তবে এসব উদ্যোগের সফল বাস্তবায়ন ও প্রত্যাশিত সুফল অর্জন এখনো অনিশ্চিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জিএসপি ইনভেস্টমেন্টসের আর্থিক অবস্থাও দুর্বল

সহযোগী প্রতিষ্ঠান জিএসপি ইনভেস্টমেন্টসের ক্ষেত্রেও চলমান কার্যক্রম অব্যাহত রাখা নিয়ে অনিশ্চয়তার কথা উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে প্রতিষ্ঠানটির নিট সম্পদ বা ইক্যুইটি ঋণাত্মক ৪০ কোটি ৮৫ লাখ ৭৬ হাজার ৬০১ টাকা ছিল। একই সময়ে চলতি বছরের নিট লোকসান হয়েছে ৪৯ কোটি ৬১ লাখ ৫১ হাজার ২৬৮ টাকা। ধারাবাহিক লোকসানের কারণে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এছাড়া বিএসইসির মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার বিধিমালা ১৯৯৬ অনুযায়ী, জিএসপি ইনভেস্টমেন্টসের পরিশোধিত মূলধনের অন্তত ৫০ শতাংশের সমপরিমাণ নিট সম্পদ থাকার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে প্রতিষ্ঠানটির নিট সম্পদ পরিশোধিত মূলধনের তুলনায় ৮১ দশমিক ৭ শতাংশ ঋণাত্মক ছিল।

এ ঘাটতি পূরণের জন্য ২০২৫ সালের ৩০ জুন কোম্পানিটি বিএসইসির কাছে সময় চেয়ে আবেদন করে। পরবর্তী সময়ে নিয়ন্ত্রক সংস্থা ২০৩০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে দেয়। ২০২৫ সালের ১৬ নভেম্বর বিএসইসির সংশ্লিষ্ট চিঠির মাধ্যমে এ বিষয়ে নিশ্চিত করা হয়।

কর ও বিনিয়োগের অর্থ নিয়েও আপত্তি নিরীক্ষকের

জিএসপি ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদনে আরও কয়েকটি বিষয়কে গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন নিরীক্ষক। এর মধ্যে রয়েছে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি গাড়ি বিক্রি, বিনিয়োগকারীদের ফেরত না দেওয়া অর্থ, মূলধনবাজারে বিনিয়োগের সীমা অতিক্রম এবং সরকারের কোষাগারে উৎসে কর জমা না দেওয়া।

নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে ১ কোটি টাকা ব্যয়ে কেনা একটি গাড়ি ২০২৫ সালের ৪ আগস্ট সড়ক দুর্ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার পর ২৬ লাখ টাকায় বিক্রি করা হয়। গাড়িটির অবচয়-পরবর্তী মূল্য ছিল ২৫ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা। তবে গাড়িটির কোনো বিমা না থাকায় কোম্পানি বিমা সুবিধা পায়নি। পাশাপাশি স্থায়ী সম্পদ বিক্রির বিষয়ে কোম্পানির কোনো সুনির্দিষ্ট নীতিমালাও পাওয়া যায়নি।

এছাড়া বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা কিন্তু ফেরত না দেওয়া পাবলিক সাবস্ক্রিপশনের অর্থ ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে (সিএমএসএফ) স্থানান্তর করা হয়নি। যা বিএসইসির সিএমএসএফ বিধিমালা ২০২১-এর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

নিরীক্ষকের আরেকটি আপত্তি হলো, ফাইন্যান্স কোম্পানি আইন ২০২৩-এর ২৬ ধারা অনুযায়ী, পরিশোধিত মূলধন ও রিজার্ভের সমষ্টির ২৫ শতাংশের বেশি মূলধনবাজারে বিনিয়োগ করা যাবে না। কিন্তু জিএসপি ফাইন্যান্স এ সীমা অনুসরণ করেনি।

অন্যদিকে, সরকারের কোষাগারে জমা না দেওয়া উৎসে করের পরিমাণ দাঁড়িয়েছে ৮ কোটি ১৫ লাখ ৯৫ হাজার ৮৫৩ টাকা। কোম্পানির আর্থিক প্রতিবেদনের ১৪.১ নম্বর নোটেও এ তথ্য উল্লেখ করা হয়েছে।

হিসাবমান অনুসরণেও রয়েছে ব্যত্যয়

নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করতে গিয়ে কোম্পানির আর্থিক বিবরণীতে আন্তর্জাতিক হিসাবমান ও আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মানের (আইএএস ও আইএফআরএস) কয়েকটি বিধান থেকে বিচ্যুতি ঘটেছে। এ বিষয়গুলো আর্থিক প্রতিবেদনের ২.২৮ নম্বর নোটে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

এর মধ্যে ঋণ, লিজ, অগ্রিম ও মার্জিন ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণ, বিনিয়োগের মূল্যায়ন, খেলাপি ঋণের সুদ আয় হিসাব, নগদ অর্থ ও সমতুল্য সম্পদের উপস্থাপন এবং বিলম্বিত কর সম্পদের হিসাব অন্তর্ভুক্ত রয়েছে।

নিরীক্ষকের পর্যবেক্ষণ অনুযায়ী, ২০২৫ সালের শেষে সমন্বিত আর্থিক বিবরণীতে শ্রেণীকৃত ঋণের বিপরীতে সুদ স্থগিত হিসাবের পরিমাণ দাঁড়িয়েছে ২৫০ কোটি ৫৯ লাখ ৯৯ হাজার টাকা। আগের বছরের ১৮৬ কোটি ৯০ লাখ টাকা থেকে যা ৬৭ কোটি ৯৯ লাখ ৯০ হাজার টাকা বেড়েছে। এ অর্থ অন্যান্য দায়ের মধ্যে দেখানো হয়েছে।

এছাড়া ঋণ ও অগ্রিমের বিপরীতে প্রভিশনকে সম্পদ থেকে বাদ না দিয়ে দায় হিসেবে উপস্থাপন করা হয়েছে। একইভাবে নগদ প্রবাহ বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীতে কিছু উপস্থাপন আন্তর্জাতিক হিসাবমানের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় বলে উল্লেখ করা হয়েছে।

বিনিয়োগের মূল্যায়নের ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির নির্দেশনা অনুসরণ করায় আন্তর্জাতিক হিসাবমানের সঙ্গে পার্থক্য তৈরি হয়েছে। এর ফলে বিনিয়োগের অবাস্তবায়িত মুনাফা বা লোকসানের হিসাব যথাযথভাবে উপস্থাপিত হয়নি।

নিরীক্ষকের আরও পর্যবেক্ষণ

প্রতিবেদনে জিএসপি ইনভেস্টমেন্টসের মার্জিন ঋণের বিপরীতে ঋণাত্মক ইক্যুইটির কারণে সুদ আদায় না করার বিষয়টিও তুলে ধরা হয়েছে। তবে এ বিষয়ে নিরীক্ষকের মতামত পরিবর্তিত হয়নি বলে জানানো হয়েছে।

এছাড়া ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক বিবরণী অন্য একজন নিরীক্ষক নিরীক্ষা করেছিলেন এবং তিনি সংশোধিত মতামত দিয়েছিলেন বলে বর্তমান প্রতিবেদনের ‘অন্য বিষয়’ অংশে উল্লেখ করা হয়েছে।

সব মিলিয়ে জিএসপি ফাইন্যান্সের নিরীক্ষা প্রতিবেদনে ঋণের মান, জামানত, প্রভিশন, বিনিয়োগ, মূলধন পর্যাপ্ততা, নগদ প্রবাহ ও হিসাবমান অনুসরণের ক্ষেত্রে একাধিক গুরুতর দুর্বলতা উঠে এসেছে। বিশেষ করে মোট ঋণ ও লিজের ৯৭ দশমিক ৯৭ শতাংশ শ্রেণীকৃত হওয়া এবং চলমান কার্যক্রম অব্যাহত রাখার সক্ষমতা নিয়ে নিরীক্ষকের সতর্কতা প্রতিষ্ঠানটির আর্থিক ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে