×
ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

‘আই অ্যাম নট অ্যা রোবট’ বক্সের আড়ালে হ্যাকারদের নতুন ফাঁদ

২০২৬ নভেম্বর ২৪ ১২:২৬:৩৪
‘আই অ্যাম নট অ্যা রোবট’ বক্সের আড়ালে হ্যাকারদের নতুন ফাঁদ

নিজস্ব প্রতিবেদক: ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশের সময় প্রায়ই ‘আই অ্যাম নট অ্যা রোবট’ লেখা একটি বক্সে টিক দিতে হয়। কখনো আবার কয়েকটি ছবি দেখে নির্দিষ্ট বস্তু চিহ্নিত করতে বলা হয়। ওয়েবসাইটে ব্যবহারকারী মানুষ নাকি স্বয়ংক্রিয় বট, তা যাচাই করার এই পদ্ধতির নাম ক্যাপচা (CAPTCHA)। তবে সাইবার অপরাধীরা এখন এই পরিচিত নিরাপত্তাব্যবস্থার আদলে তৈরি করছে ভুয়া পেজ। আর এসব পেজের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে তারা।

CAPTCHA-এর পূর্ণরূপ ‘Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart’। সহজভাবে বললে, কোনো ওয়েবসাইটে প্রবেশ বা নির্দিষ্ট কাজ করার সময় ব্যবহারকারী মানুষ নাকি স্বয়ংক্রিয় কম্পিউটার প্রোগ্রাম, তা যাচাই করাই এর উদ্দেশ্য।

স্প্যাম, ভুয়া অ্যাকাউন্ট তৈরি এবং বটের মাধ্যমে অননুমোদিত কার্যক্রম ঠেকাতে বিভিন্ন ওয়েবসাইটে ক্যাপচা ব্যবহার করা হয়। সাধারণত নির্দিষ্ট বক্সে টিক দেওয়া, ছবি চেনা কিংবা সহজ কোনো ধাঁধার সমাধান করেই এই যাচাই সম্পন্ন হয়।

এই প্রতারণার কৌশলটি ‘ক্লিকফিক্স’ (ClickFix) নামে পরিচিত। এ পদ্ধতিতে সাইবার অপরাধীরা আসল ক্যাপচার মতো দেখতে ভুয়া ওয়েবপেজ তৈরি করে। ব্যবহারকারী সেখানে প্রবেশ করলে যাচাই সম্পন্ন করার নামে কয়েকটি অতিরিক্ত নির্দেশ অনুসরণ করতে বলা হয়।

কখনো ব্যবহারকারীকে কম্পিউটারের ক্লিপবোর্ডে থাকা একটি কমান্ড কপি করে উইন্ডোজের রান বক্স বা টার্মিনালে পেস্ট করতে বলা হয়। অনেক ক্ষেত্রে Windows+R চেপে Run খুলে নির্দিষ্ট কমান্ড চালানোর নির্দেশ দেওয়া হয়। ম্যাক কম্পিউটারের ক্ষেত্রেও টার্মিনাল ব্যবহারের কথা বলা হতে পারে।

ব্যবহারকারী এসব নির্দেশ অনুসরণ করে বুঝতে না পেরেই ক্ষতিকর কমান্ড চালিয়ে ফেলতে পারেন। এর ফলে ডিভাইসে ম্যালওয়্যার ডাউনলোড বা চালু হতে পারে। সাইবার অপরাধীরা এর মাধ্যমে পাসওয়ার্ড, ব্রাউজারে সংরক্ষিত তথ্য ও ব্যক্তিগত ডেটা চুরির চেষ্টা করতে পারে।

তবে মনে রাখতে হবে, শুধু ক্যাপচা বক্সে টিক দিলেই সাধারণত এমন বিপদ ঘটে না। মূল ঝুঁকি তৈরি হয় ভুয়া নির্দেশ মেনে অজানা কমান্ড কপি-পেস্ট করে চালালে।

সাধারণ ক্যাপচায় ছবি চেনা, বক্সে টিক দেওয়া কিংবা নির্দিষ্ট অক্ষর-সংখ্যা লিখতে বলা হয়। কিন্তু যাচাইয়ের নামে কোনো ওয়েবসাইট যদি Windows+R চাপতে, Run বা Terminal খুলতে কিংবা অজানা কমান্ড কপি-পেস্ট করে চালাতে বলে, তাহলে সতর্ক হতে হবে। এ ধরনের নির্দেশ ক্লিকফিক্স প্রতারণার লক্ষণ হতে পারে।

মনে রাখবেন, প্রকৃত ক্যাপচা যাচাইয়ের জন্য সাধারণত কম্পিউটারের কমান্ড চালানোর প্রয়োজন হয় না।

যেভাবে এই প্রতারণা থেকে নিরাপদ থাকবেন

১. কোনো ওয়েবসাইট ক্যাপচা যাচাইয়ের নামে Run বা Terminal খুলতে বললে নির্দেশ অনুসরণ করবেন না।

২. অচেনা ওয়েবসাইট থেকে পাওয়া কোনো কমান্ড কপি-পেস্ট করে চালাবেন না। ক্লিপবোর্ডে কী রয়েছে, তা না জেনে কমান্ড চালানো ঝুঁকিপূর্ণ।

৩. সন্দেহজনক লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন। ওয়েবসাইটের ঠিকানা ভালোভাবে যাচাই করুন।

৪. কম্পিউটারের অপারেটিং সিস্টেম, ব্রাউজার ও অ্যান্টিভাইরাস সফটওয়্যার নিয়মিত আপডেট রাখুন।

৫. গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন। পাশাপাশি মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখুন।

ভুয়া ক্যাপচা নির্দেশ মেনে অজানা কোনো কমান্ড চালিয়ে ফেললে দ্রুত সতর্ক হওয়া জরুরি। ডিভাইসে সন্দেহজনক কার্যকলাপের আশঙ্কা থাকলে সেটির ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করুন এবং নির্ভরযোগ্য নিরাপত্তা সফটওয়্যার দিয়ে পরীক্ষা করান। প্রয়োজনে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞের সহায়তা নিন।

অন্য কোনো নিরাপদ ডিভাইস থেকে গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড পরিবর্তন করুন। পাশাপাশি অস্বাভাবিক লগইন বা অন্য কোনো সন্দেহজনক কার্যকলাপ হয়েছে কি না, তা পরীক্ষা করুন।

ইন্টারনেটে পরিচিত নিরাপত্তা যাচাইয়ের চিহ্ন দেখেই কোনো ওয়েবপেজকে বিশ্বাস করা উচিত নয়। ক্যাপচার আড়ালেও যে প্রতারণার ফাঁদ থাকতে পারে, সে বিষয়ে সচেতন থাকাই সাইবার অপরাধীদের হাত থেকে নিরাপদ থাকার অন্যতম উপায়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর

উ
প
রে