×
ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তৎপর শুভেন্দু, এবার দিল্লির দুই মন্ত্রীর সঙ্গে যোগাযোগ

২০২৬ নভেম্বর ২৩ ১১:২৬:০৯
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তৎপর শুভেন্দু, এবার দিল্লির দুই মন্ত্রীর সঙ্গে যোগাযোগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ এবং এর প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার আশঙ্কা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার (২৩ নভেম্বর) জয়শঙ্করকে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানাবেন বলে জানিয়েছেন তিনি।

একই সঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকরের সময়সীমা বাড়ানোর বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা রয়েছে শুভেন্দুর। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শুভেন্দু অধিকারী বলেন, দেশটিতে যা ঘটছে তা অত্যন্ত বেদনাদায়ক। বাংলাদেশে বহু মানুষের আত্মীয়স্বজন পশ্চিমবঙ্গে বসবাস করেন। ফলে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন।

তিনি জানান, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে অবহিত করবেন। তার মতে, শুধু পশ্চিমবঙ্গ নয়, আসাম, ত্রিপুরা ও মেঘালয়ের মতো সীমান্তবর্তী রাজ্যগুলোর বহু মানুষের আত্মীয়স্বজন বাংলাদেশে রয়েছেন। বাংলাদেশের বিভিন্ন ঘটনার ছবি ও ভিডিও তার কাছেও এসেছে বলে দাবি করেন তিনি।

শুভেন্দুর দাবি, বাংলাদেশে অন্তত দুই কোটি মানুষের আত্মীয়স্বজন পশ্চিমবঙ্গে রয়েছেন। সে কারণে বাংলাদেশের পরিস্থিতির প্রভাব পশ্চিমবঙ্গেও পড়ছে।

শুভেন্দু অধিকারী বলেন, বিরোধী দলনেতা থাকাকালে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। তবে বর্তমানে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। বাংলাদেশ ভারতের প্রতিবেশী রাষ্ট্র হওয়ায় দেশটির বিষয়ে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্রনীতি অনুসরণ করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ নিয়ে তাকে যা করতে হবে বা বলতে হবে, তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে করতে হবে। পররাষ্ট্রনীতির কারণে তার কাজের ক্ষেত্রেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। তিনি ইচ্ছেমতো কোনো বক্তব্য দিতে বা পদক্ষেপ নিতে পারেন না।

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে কথা বলতে গিয়ে শুভেন্দু জানান, এই আইনের আওতায় আবেদনের শেষ সময়সীমা ৩১ ডিসেম্বর ২০১৪। অন্যদিকে বাংলাদেশ থেকে আসা ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা না নেওয়ার বিষয়টি ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত কার্যকর রয়েছে বলে তিনি উল্লেখ করেন।প্রয়োজন হলে এই সময়সীমা আরও বাড়ানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে অনুরোধ জানাবেন বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশি নাগরিকদের মেডিক্যাল ভিসায় ভারতে আসার বিষয়ে শুভেন্দু বলেন, ভারত সরকারের নিয়ম অনুযায়ী মানবিক বিবেচনায় যারা চিকিৎসার জন্য মেডিক্যাল ভিসা নিয়ে ভারতে আসছেন, তারা চিকিৎসা পাবেন। এ বিষয়ে মুখ্যমন্ত্রী হিসেবে তার আলাদা কোনো বক্তব্য নেই বলেও জানান তিনি।

অন্যদিকে, অবৈধভাবে ভারতে প্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন শুভেন্দু। এ জন্য পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। অবৈধভাবে প্রবেশকারী ধরা পড়লে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে বলেও জানান। তার দাবি, ইতোমধ্যে ১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রোববার পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যও বক্তব্য দেন। তিনি দাবি করেন, ভাষার ভিত্তিতে নয়, ধর্মের ভিত্তিতেই ভারত ভাগ হয়েছিল।

দেশভাগের জন্য ভারতের সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে দায়ী করে শমীক বলেন, ব্রিটিশদের সঙ্গে নেহরু ও ইন্দিরা গান্ধীরা দেশভাগ করেছিলেন। কংগ্রেস মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছিল বলেও অভিযোগ করেন তিনি।

বাংলাদেশের ভাষা আন্দোলন প্রসঙ্গেও মন্তব্য করেন শমীক। কলকাতার বুদ্ধিজীবীদের একাংশের সমালোচনা করে তিনি বলেন, ভাষার চেয়ে ধর্মই আসল।

সীমান্ত পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে দুই সীমান্ত বন্ধ করে দেওয়ার কথা বলেন তিনি। তবে সীমান্ত বন্ধের বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব বা সিদ্ধান্তের কথা জানাননি। কেন্দ্রীয় সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন বিজেপির এই নেতা।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে