×
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

বিতর্কের মধ্যেই শফিকুর রহমানকে নিয়ে মুখ খুললেন মীর স্নিগ্ধ

২০২৬ নভেম্বর ২২ ১৮:০৪:১২
বিতর্কের মধ্যেই শফিকুর রহমানকে নিয়ে মুখ খুললেন মীর স্নিগ্ধ

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ব্যক্তিত্ব, বিনয়, নম্রতা ও মানুষের প্রতি আন্তরিকতার প্রশংসা করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ভিন্ন দলের নেতাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে রাজনৈতিক বিরোধ যেন ব্যক্তিগত বিদ্বেষ ও ঘৃণায় রূপ না নেয়, সে বিষয়ে গুরুত্ব দিয়েছেন স্নিগ্ধ।

রোববার (২২ নভেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে জামায়াত আমিরকে নিয়ে এসব মন্তব্য করেন তিনি। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই মীর স্নিগ্ধ সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছেন। তার এই বক্তব্য রাজনৈতিক মতাদর্শের বাইরে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌজন্যের বার্তা হিসেবে আলোচনায় এসেছে।

ফেসবুক পোস্টে মীর স্নিগ্ধ বলেন, বিএনপিতে যোগ দেওয়ার কারণে অনেকে মনে করেন তিনি জামায়াতে ইসলামী কিংবা দলটির সঙ্গে সংশ্লিষ্ট সবকিছুকে ঘৃণা করেন। বিএনপিতে যোগ দেওয়ার পর জামায়াতের কিছু সমর্থকের কাছ থেকে ব্যক্তিগতভাবে আক্রমণের শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

তবে জামায়াতে ইসলামী ও দলটির আমিরের প্রতি নিজের সম্মান সব সময় বজায় থাকবে বলে স্পষ্ট করেন স্নিগ্ধ।

তিনি বলেন, জামায়াত আমিরের ব্যক্তিত্ব, বিনয়, নম্রতা এবং মানুষের প্রতি আন্তরিকতা যে কাউকে মুগ্ধ করতে পারে। এসব গুণের কারণেই তিনি ডা. শফিকুর রহমানকে সম্মান করেন বলে জানান।

জুলাই গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর নেতাদের ভূমিকা তুলে ধরে মীর স্নিগ্ধ বলেন, শহীদ পরিবার ও আহতদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেওয়া এবং তাদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে জামায়াত আমির উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।

রাজনৈতিক দলগুলোর প্রধানদের মধ্যে জুলাইয়ের শহীদ পরিবার ও আহতদের পাশে যারা সরাসরি দাঁড়িয়েছেন, তাদের তালিকা করা হলে ডা. শফিকুর রহমানের নাম প্রথম দিকেই থাকবে বলে বিশ্বাস করেন তিনি।

স্নিগ্ধের মতে, জুলাইয়ে এত মানুষের প্রাণের বিনিময়েও যদি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনা সম্ভব না হয়, তাহলে ভবিষ্যতে এ দেশে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন কঠিন হয়ে পড়বে।

রাজনৈতিক দল ও মতাদর্শের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন মীর স্নিগ্ধ। তার মতে, বিএনপিকে ভালোবাসলে জামায়াতকে ঘৃণা করতে হবে, কিংবা জামায়াতকে সমর্থন করলে বিএনপিকে অপছন্দ করতে হবে—এমন মানসিকতা থেকে বেরিয়ে আসা জরুরি।

রাজনৈতিক মতপার্থক্য, আদর্শিক ভিন্নতা এবং একে অপরের সিদ্ধান্তের সমালোচনা থাকতেই পারে। তবে এসব যেন ব্যক্তিগত বিদ্বেষ, ঘৃণা কিংবা অসম্মানের কারণ হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মীর স্নিগ্ধ বলেন, রাজনৈতিক পরিচয় ভিন্ন হলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌজন্য ও মানবিকতার জায়গাটি হারিয়ে ফেলা উচিত নয়। জুলাই গণ-অভ্যুত্থান শুধু রাজনৈতিক পরিবর্তনের স্বপ্ন দেখায়নি, বরং নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার দায়িত্বও দিয়ে গেছে।

সেই দায়িত্ব পালনে রাজনৈতিক দল ও নেতারা কতটা সফল হতে পারবেন, সেটিই এখন দেখার বিষয় বলে মন্তব্য করেন তিনি।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে