×
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

সিটি ব্যাংকের সম্পত্তি নিলাম নিয়ে বিতর্ক, প্রতিবাদে ব্যাংক কর্তৃপক্ষ

২০২৬ নভেম্বর ২২ ১৭:৫৪:৫৯
সিটি ব্যাংকের সম্পত্তি নিলাম নিয়ে বিতর্ক, প্রতিবাদে ব্যাংক কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে সিটি ব্যাংকের বন্ধকি সম্পত্তি নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগসংক্রান্ত সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছে ব্যাংকটি। ব্যাংকের দাবি, প্রকৃত তথ্য উপেক্ষা করে আইনানুগ ঋণ আদায় কার্যক্রমকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে। বন্ধকি সম্পত্তি কম দামে বিক্রির অভিযোগও সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে সিটি ব্যাংক।

রোববার (২২ নভেম্বর) এক প্রতিবাদ ও ব্যাখ্যায় ব্যাংকটি এসব তথ্য জানায়। এতে সংশ্লিষ্ট ঋণ, পুনঃতফসিল, ঋণ পরিশোধের প্রতিশ্রুতি এবং বন্ধকি সম্পত্তি নিলামের বিস্তারিত তুলে ধরে ব্যাংক কর্তৃপক্ষ।

সিটি ব্যাংকের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট গ্রাহকপ্রতিষ্ঠানগুলো ২০১৬ সাল থেকে ব্যাংকটির ঋণসুবিধা গ্রহণ করে। এক গ্রাহকের অধীনে থাকা একাধিক প্রতিষ্ঠানের ঋণের মোট পরিমাণ ছিল ৫৫ কোটি ৭৬ লাখ টাকা।

২০২২ সালে ঋণগুলো অনিয়মিত হয়ে পড়লে গ্রাহকের অনুরোধে পুনঃতফসিলসহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়। তবে এসব সুবিধা দেওয়ার পরও ঋণ পরিশোধ করা হয়নি। ২০২৪ সালে ঋণগুলো পুনরায় খেলাপি হলে গ্রাহককে একাধিক আইনি নোটিশ পাঠানো এবং ঋণ সমন্বয়ের সুযোগ দেওয়া হয়।

ব্যাংকটি আরও জানায়, সংশ্লিষ্ট গ্রাহক নিজেই ৪৫ কোটি টাকায় ঋণ সমন্বয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতিও বাস্তবায়ন করেননি। পরবর্তী সময়ে ঋণ আদায়ে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বন্ধকি সম্পত্তি নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়।

সিটি ব্যাংক জানায়, অর্থঋণ আদালত আইন ও ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুসরণ করে বন্ধকি সম্পত্তি প্রকাশ্য নিলামে বিক্রির ব্যবস্থা করা হয়। নিলামের আগে স্বীকৃত মূল্যায়নকারী প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পত্তির মূল্য নির্ধারণ করা হয়।

মূল্যায়নে সম্পত্তিটির বাজারমূল্য দাঁড়ায় ২২ কোটি ৮৫ লাখ টাকা এবং তাৎক্ষণিক বিক্রয়মূল্য নির্ধারণ করা হয় ১৬ কোটি ৬৬ লাখ টাকা। তবে শেষ পর্যন্ত সম্পত্তিটি ৩০ কোটি ২৫ লাখ টাকায় বিক্রি হয়েছে বলে দাবি করেছে ব্যাংকটি।

ব্যাংকের মতে, নির্ধারিত বাজারমূল্যের চেয়েও বেশি দামে সম্পত্তি বিক্রি হওয়ায় কম মূল্যে বন্ধকি সম্পত্তি বিক্রির অভিযোগের কোনো ভিত্তি নেই। প্রতিবাদলিপিতে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিনকে কেন্দ্র করে সংবাদ প্রকাশেরও সমালোচনা করা হয়েছে।

ব্যাংকটির দাবি, একটি প্রতিষ্ঠানের আইনানুগ ঋণ আদায় কার্যক্রমকে ব্যাংকের এমডির ব্যক্তিগত অর্থ আত্মসাতের ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা নিন্দনীয়। এ ধরনের সংবাদ তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি সিটি ব্যাংকের ভাবমূর্তির ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।

সিটি ব্যাংক আরও বলেছে, একটি বিদেশি ব্যাংকের আমন্ত্রণে বৈশ্বিক অনুষ্ঠানে বক্তা হিসেবে অংশগ্রহণ এবং পরে উমরাহ পালনের উদ্দেশে মাসরুর আরেফিনের বিদেশ সফর ছিল পূর্বনির্ধারিত ও অনুমোদিত। এ সফরকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের সঙ্গে যুক্ত করে সংবাদ প্রকাশ করাকে অনভিপ্রেত ও অন্যায় বলে উল্লেখ করেছে ব্যাংকটি।

ব্যাংকের বক্তব্য, কোনো অভিযোগের অনুসন্ধান শুরু হওয়া এবং সেই অভিযোগ প্রমাণিত হওয়া এক বিষয় নয়। শুধু তদন্ত কর্মকর্তা নিয়োগের ভিত্তিতে অভিযোগকে প্রমাণিত হিসেবে উপস্থাপন করা উচিত নয়।

সিটি ব্যাংক জানিয়েছে, যেকোনো আইনানুগ অনুসন্ধানে তারা পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। একই সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি প্রকৃত তথ্য যাচাই করে বিভ্রান্তিকর বক্তব্য সংশোধন এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

ব্যাংকটির মতে, তথ্য যাচাই ছাড়া অভিযোগকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে উপস্থাপন করলে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হওয়ার ঝুঁকি তৈরি হয়।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে