×
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

শিশু ফোন ছাড়তে চায় না? সমাধান লুকিয়ে আছে আপনার ফোনেই

২০২৬ নভেম্বর ২২ ১৭:৪০:৩১
শিশু ফোন ছাড়তে চায় না? সমাধান লুকিয়ে আছে আপনার ফোনেই

নিজস্ব প্রতিবেদক: খাবার খাওয়ানোর সময় শিশুর হাতে ফোন তুলে দেওয়া, কান্না থামাতে ইউটিউব চালানো কিংবা ঘুমানোর আগে একের পর এক রিলস দেখা—বর্তমানে অনেক পরিবারেই শিশুদের শান্ত রাখার সহজ উপায় হয়ে উঠেছে স্মার্টফোন। কিন্তু সাময়িক স্বস্তির এই কৌশল কখন যে শিশুর ক্ষতিকর অভ্যাসে পরিণত হচ্ছে, তা অনেক অভিভাবকই বুঝতে পারছেন না। ঘণ্টার পর ঘণ্টা শর্ট ভিডিও দেখার ফলে শিশুর স্বাভাবিক খেলাধুলা, পড়াশোনা, ঘুম ও পারিবারিক যোগাযোগে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে।

শর্ট ভিডিওর সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ধারাবাহিকতা। একটি ভিডিও শেষ হওয়ার আগেই সামনে চলে আসে নতুন কনটেন্ট, ফলে শিশু সহজেই পরের ভিডিও দেখার আগ্রহ অনুভব করে। এ অবস্থায় হঠাৎ ফোন সরিয়ে নিলে শুরু হয় কান্না, জেদ কিংবা রাগ।

শিশুর স্ক্রিন টাইম ও কনটেন্ট নিয়ন্ত্রণে অভিভাবকেরা স্মার্টফোনে নিচের পাঁচটি পরিবর্তন আনতে পারেন:

১. সাধারণ ইউটিউবের বদলে ‘ইউটিউব কিডস’: ছোটদের জন্য সাধারণ ইউটিউবের পরিবর্তে ‘ইউটিউব কিডস’ ব্যবহার করা উচিত। এতে বয়স অনুযায়ী কনটেন্ট বাছাই, অনুপযুক্ত ভিডিও নিয়ন্ত্রণ এবং সার্চ অপশন বন্ধ রাখার সুবিধা রয়েছে; ফলে শিশু কী দেখছে তা নিয়ন্ত্রণ করা সহজ হয়।

২. অটো-প্লে বন্ধ করা: ইউটিউবের অটো-প্লে চালু থাকলে একটি ভিডিও শেষ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে পরের ভিডিও শুরু হয়, যা শিশুকে দীর্ঘ সময় স্ক্রিনে আটকে রাখে। তাই ইউটিউবের সেটিংস থেকে অটো-প্লে অপশনটি বন্ধ করে দিতে হবে।

৩. রেসট্রিকটেড মোড চালু রাখা: ইউটিউবের সেটিংস থেকে ‘জেনারেল’ অপশনে গিয়ে ‘রেসট্রিকটেড মোড’ চালু করলে সম্ভাব্য প্রাপ্তবয়স্ক, অনুপযুক্ত বা সংবেদনশীল কনটেন্টের অনেকটাই ফিল্টার হয়ে যায়। তবে এটি শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে না বলে সতর্ক থাকতে হবে।

৪. স্ক্রিন টাইমের সীমা নির্ধারণ: অ্যান্ড্রয়েড ফোনে ‘ডিজিটাল ওয়েলবিয়িং ও প্যারেন্টাল কন্ট্রোলস’ এবং আইফোনে সেটিংসের ‘স্ক্রিন টাইম’ থেকে ‘অ্যাপ লিমিটস’ ব্যবহার করে শিশুর বয়স ও প্রয়োজন অনুযায়ী ইউটিউব ব্যবহারের দৈনিক সময়সীমা নির্ধারণ করে দেওয়া যায়।

৫. ইউটিউব শর্টসের সময় সীমিত করা: ইউটিউবের সেটিংস থেকে ‘টাইম ম্যানেজমেন্ট’ অপশনে গিয়ে ‘শর্টস ফিড লিমিট’ সর্বনিম্ন পর্যায়ে সীমিত করে রাখা যায় (অ্যাপের সংস্করণ ও অ্যাকাউন্টভেদে সুবিধাটি ভিন্ন হতে পারে)। পাশাপাশি ‘গুগল ফ্যামিলি লিংক’ ব্যবহার করেও শিশুর অ্যাপ ব্যবহারের সময় ও কনটেন্ট নিয়ন্ত্রণ করা সম্ভব।

কেবল ফোনের সেটিংস বদলালেই সব সমস্যার সমাধান হবে না। এর পাশাপাশি পারিবারিক অভ্যাসেও পরিবর্তন আনতে হবে:

ধীরে ধীরে কমানো: হঠাৎ ফোন কেড়ে না নিয়ে শিশুর সঙ্গে কথা বলে প্রতিদিন একটু একটু করে স্ক্রিন টাইম কমাতে হবে।

বিকল্প বিনোদন: স্ক্রিনের বদলে ছবি আঁকা, গল্পের বই পড়া, খেলাধুলা, পার্কে ঘুরতে যাওয়া কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি করতে হবে।

অভিভাবকের উদাহরণ ও ‘নো-স্ক্রিন’ নিয়ম: খাওয়ার টেবিল ও ঘুমানোর আগে পুরো পরিবারের জন্যই ‘নো-স্ক্রিন’ নিয়ম চালু করতে হবে। শিশুরা বড়দের দেখেই শেখে, তাই অভিভাবকদের নিজেদের ফোন ব্যবহারের ক্ষেত্রেও সচেতন হতে হবে।

ফোন না পেলে শিশু যদি অতিরিক্ত রাগ দেখায়, নিজেকে আঘাত করার প্রবণতা সৃষ্টি হয়, ঘুমের গুরুতর সমস্যা দেখা দেয় কিংবা কথা বলা ও সামাজিক যোগাযোগে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যায়, তবে দেরি না করে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রতিবেদনের শেষে অভিভাবকদের স্মরণ করিয়ে দিয়ে বলা হয়েছে—শিশুর হাত থেকে ফোন কেড়ে নেওয়াই শেষ কথা নয়; বরং ফোনের বদলে তার হাতে তুলে দিতে হবে খেলনা, বই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আপনার মূল্যবান সময়।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর

উ
প
রে