×
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

যে কারণে এসবিএসি ব্যাংকের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি

২০২৬ নভেম্বর ২২ ১৬:৩৬:১৩
যে কারণে এসবিএসি ব্যাংকের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এসবিএসি ব্যাংক পিএলসির। একই সঙ্গে বছরের প্রথম ৯ মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি আয়, পরিচালন কার্যক্রম থেকে নগদ অর্থ প্রবাহ এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যেও উন্নতি হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযাযী এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির প্রকাশিত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সমন্বিতভাবে শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১ পয়সা।

অন্যদিকে, ২০২৬ সালের জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ৯ মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ২০ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১৫ পয়সা।

এদিকে, চলতি বছরের প্রথম ৯ মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ২৫ পয়সা। আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১ টাকা ৪৮ পয়সা।

অন্যদিকে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৮০ পয়সা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর এ সম্পদমূল্য ছিল ১৩ টাকা ৬১ পয়সা।

আর্থিক সূচকগুলোর এই উন্নতির কারণ ব্যাখ্যা করে ব্যাংকটি জানিয়েছে, আগের বছরের একই সময়ের তুলনায় আলোচ্য সময়ে শেয়ারপ্রতি আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মূলত নিট সুদ আয় বৃদ্ধি, বিনিয়োগ থেকে বেশি আয় এবং কমিশন, বিনিময় ও অন্যান্য পরিচালন আয় বাড়ার কারণে এ প্রবৃদ্ধি হয়েছে। পাশাপাশি পরিচালন ব্যয় নিয়ন্ত্রণে রাখাও মুনাফা বৃদ্ধিতে সহায়তা করেছে।

ব্যাংকটি আরও জানিয়েছে, সম্পদের গুণগত মান শক্তিশালী করার লক্ষ্যে ঋণ ও অগ্রিমের বিপরীতে সতর্কতামূলক প্রভিশন সংরক্ষণ অব্যাহত রেখেও এ আর্থিক উন্নতি অর্জন সম্ভব হয়েছে।

এ ছাড়া, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের তুলনায় ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়েছে। আলোচ্য সময়ে অর্জিত মুনাফা অবণ্টিত মুনাফায় যুক্ত হওয়ায় ব্যাংকের মূলধন ভিত্তি আরও শক্তিশালী হয়েছে। এর ফলে শেয়ারপ্রতি সম্পদমূল্যেও ইতিবাচক পরিবর্তন এসেছে।

অন্যদিকে, আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি পরিচালন নগদ অর্থ প্রবাহও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ব্যাংকটির ভাষ্য অনুযায়ী, গ্রাহকদের আমানতে শক্তিশালী প্রবৃদ্ধি, ফি ও কমিশন থেকে আয় বৃদ্ধি, ঋণ আদায়ের উন্নতি এবং তারল্য ও তহবিল ব্যবস্থাপনায় দক্ষতার কারণে নগদ অর্থ প্রবাহ বেড়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে