×
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

১ ডিসেম্বর থেকে সব যানবাহনের জন্য জরুরি নির্দেশনা

২০২৬ নভেম্বর ২২ ১১:৩৪:১৪
১ ডিসেম্বর থেকে সব যানবাহনের জন্য জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং যানবাহনে অবৈধ সরঞ্জামের ব্যবহার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ১ ডিসেম্বর থেকে হুটার, হাইড্রোলিক হর্ন, অনুমোদনহীন বিকন লাইট ও অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী সাইলেন্সারের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হচ্ছে। আইন লঙ্ঘন করলে চালক ও গাড়ির মালিকদের জরিমানা এমনকি কারাদণ্ডও হতে পারে।

ডিএমপির এই অভিযানের আওতায় রাজধানীর বিভিন্ন সড়কে চলাচলকারী যানবাহন পরীক্ষা করা হবে। শব্দদূষণ সৃষ্টি করে এমন অবৈধ সরঞ্জাম ব্যবহার এবং যানবাহনের কাঠামোগত পরিবর্তনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিশেষ অভিযানে মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস, বাস, ট্রাক, পিকআপসহ তিন চাকার যানবাহনও নজরদারিতে থাকবে। এসব যানবাহনে অনুমোদনহীন হর্ন, হুটার, বিকন লাইট কিংবা অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী যন্ত্রাংশ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিশেষ করে মোটরসাইকেলে অতিরিক্ত শব্দ উৎপন্নকারী সাইলেন্সার ব্যবহার, গাড়িতে অবৈধ লাল, নীল ও হলুদ বিকন বাতি স্থাপন এবং অনুমোদনহীন বিশেষ হর্ন ব্যবহারের বিষয়গুলো অভিযানে গুরুত্ব পাবে।

সড়ক পরিবহন বিধিমালা অনুযায়ী, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, উদ্ধারকারী যানবাহন এবং রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত যান ছাড়া অন্য যানবাহনে বিশেষ হর্ন বা হুটার ব্যবহার নিষিদ্ধ। আইন অমান্য করলে অপরাধের ধরন অনুযায়ী জেল ও জরিমানার বিধান রয়েছে।

শব্দমাত্রা নির্ধারিত সীমা অতিক্রম করলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড অথবা ১০ হাজার টাকা জরিমানা হতে পারে। অন্যদিকে, যানবাহনে অনুমোদনহীন হর্ন বা বিকন লাইট সংযোজনের মতো কারিগরি পরিবর্তনের ক্ষেত্রে ১ থেকে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৩ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অতিরিক্ত শব্দ শুধু পরিবেশের জন্য ক্ষতিকর নয়, মানুষের স্বাস্থ্যের ওপরও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘসময় উচ্চমাত্রার শব্দের মধ্যে থাকলে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি হৃদ্‌স্বাস্থ্য, মানসিক চাপ ও শিশুদের মনোযোগের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

রাজধানীর যানজটের মধ্যে অপ্রয়োজনীয় হর্ন ও উচ্চ শব্দের ব্যবহার নগরবাসীর ভোগান্তি আরও বাড়িয়ে তুলছে। শব্দদূষণ কমানো এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ বলে মনে করছে ডিএমপি।

ডিএমপি কমিশনার যানবাহন মালিক ও চালকদের আগামী ১ ডিসেম্বরের আগেই গাড়ি থেকে অনুমোদনহীন হর্ন, হুটার, বিকন লাইট এবং অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী সরঞ্জাম খুলে ফেলার আহ্বান জানিয়েছেন।

অভিযান শুরু হলে আইন অমানলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাই জরিমানা কিংবা কারাদণ্ডের মতো আইনি জটিলতা এড়াতে যানবাহনের অবৈধ সরঞ্জাম সরিয়ে নেওয়ার পাশাপাশি সড়কে শব্দদূষণ সৃষ্টি না করার পরামর্শ দেওয়া হয়েছে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে