×
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

দুর্দান্ত সেঞ্চুরির পর হৃদয়ের জন্য দুঃসংবাদ

২০২৬ নভেম্বর ২১ ২০:০৬:০৯
দুর্দান্ত সেঞ্চুরির পর হৃদয়ের জন্য দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেও শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার শৃঙ্খলা রেকর্ডে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।

ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের চতুর্থ দিনে। খারাপ আলোর কারণে খেলা বন্ধ হওয়ার পর আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে ড্রেসিংরুমের বারান্দায় মন্তব্য করেন হৃদয়। তার সেই কথোপকথন আম্পায়ারদের কানে পৌঁছালে বিষয়টি নিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

খারাপ আলোর কারণে খেলা বন্ধ হওয়ার পর অন-ফিল্ড আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশের ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় আম্পায়ারদের সিদ্ধান্তের সমালোচনা করতে শোনা যায় হৃদয়কে।

তার যুক্তি ছিল, খারাপ আলোর কারণে খেলা বন্ধ করার সিদ্ধান্ত আরও আগেই নেওয়া উচিত ছিল। তবে ম্যাচ কর্মকর্তাদের উদ্দেশে হৃদয়ের ব্যবহৃত ভাষাকে আক্রমণাত্মক ও অশোভন হিসেবে বিবেচনা করেছে আইসিসি।

আইসিসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ম্যাচ কর্মকর্তাদের উদ্দেশে হৃদয়ের মন্তব্য আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড় সহায়তা কর্মীদের আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। এই ধারাটি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসম্মতি প্রদর্শনের সঙ্গে সম্পর্কিত।

হৃদয় নিজের দোষ স্বীকার করে নিয়েছেন এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। গত ২৪ মাসে এটি তার প্রথম এ ধরনের অপরাধ।

আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ পর্যায়ের অপরাধে আনুষ্ঠানিক সতর্কবার্তা থেকে শুরু করে ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিধান রয়েছে।

শাস্তির বাইরে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন হৃদয়। প্রথম ইনিংসে ২২৭ বলে ১৩৭ রান করেন তিনি। বাংলাদেশ ২২ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ার পর ক্রিজে এসে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন এই ব্যাটার। তার ব্যাটিংয়ে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪০০ রানের সংগ্রহ গড়ে।তবে শেষ পর্যন্ত ম্যাচের পঞ্চম দিনে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হারে বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হবে। এরপর দুই দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর

উ
প
রে