×
ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ভারতীয় গণমাধ্যমে খবর, যোগব্যায়াম করে ‘চাঙ্গা’ হাসিনা

২০২৬ নভেম্বর ২০ ১৫:৪৮:৫১
ভারতীয় গণমাধ্যমে খবর, যোগব্যায়াম করে ‘চাঙ্গা’ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে নিয়মিত যোগব্যায়াম ও প্রাণায়াম করছেন। পাশাপাশি ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে তিনি এখন বেশ চাঙ্গা ও ফুরফুরে মেজাজে রয়েছেন বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম ‘এই সময় অনলাইন’।

‘এই সময় অনলাইন’-এর প্রতিবেদনের বরাত দিয়ে জানানো হয়, কয়েক মাস আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মাধ্যমে শেখ হাসিনার কাছে কয়েকটি যোগব্যায়ামের পরামর্শ পাঠান নরেন্দ্র মোদি। এর সঙ্গে ছিল আসনগুলোর সচিত্র বিবরণও। হাসিনা ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে এই যোগব্যায়াম অনুশীলন করছেন এবং এতে উপকার পাচ্ছেন জানিয়ে মোদিকে ধন্যবাদও দিয়েছেন। দিল্লিতে যাওয়ার প্রথম দিকে তাকে কিছুটা ক্লান্ত দেখালেও এখন তিনি সেই ক্লান্তি কাটিয়ে বেশ চনমনে ও চাঙ্গা হয়ে উঠেছেন।

সূত্রটি আরও জানায়, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মাঝেমধ্যে শেখ হাসিনার খোঁজখবর নেন—তার জন্য বাঙালি রান্না ঠিকমতো হচ্ছে কি না এবং পর্যাপ্ত ওষুধ রয়েছে কি না। এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নাকি কখনো কখনো নিজে ফোন করে তার কুশল জানতে চান।

প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার চাঙ্গা হয়ে ওঠার পেছনে কেবল যোগব্যায়ামই নয়, বরং আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাও বড় কারণ বলে মনে করছেন সংশ্লিষ্ট সূত্রগুলো। আওয়ামী লীগ নেতাদের দাবি, গত দুই বছরে ভার্চুয়ালি প্রায় সব উপজেলার কর্মী-সমর্থকদের সঙ্গে যোগাযোগ করেছেন শেখ হাসিনা এবং প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘণ্টা ধরে এই জনসংযোগ চলছে। তার ফেরার দিনে ইতিহাসের বৃহত্তম জনসমাবেশ ঘটানোই দলটির লক্ষ্য। তবে তিনি কীভাবে দেশে ফিরবেন, তা এখনও রহস্যই রয়ে গেছে; এ বিষয়ে দলীয় নেতারা বলছেন, তাদের হাতে একাধিক রণকৌশল রয়েছে।

এদিকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও তৎপরতার বিপরীতে বাংলাদেশের রাজনৈতিক মহল থেকে কঠোর অবস্থান জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাকে দণ্ড ভোগ করতেই হবে। অন্যদিকে এনসিপি নেতা সারজিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে গণপ্রতিরোধ অনিবার্য।

যোগাসনে শরীর যতই নমনীয় হোক, ঢাকার রাজনীতির কঠিন আসনে ফেরা শেখ হাসিনার জন্য কতটা সহজ হবে? আর সেই উত্তর মিলবে আগামী ডিসেম্বরেই।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে