×
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বাংলাদেশের পোশাক খাতে নতুন উদ্যোগ

২০২৬ নভেম্বর ১৯ ১৫:৫৩:০৫
বাংলাদেশের পোশাক খাতে নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে পোশাক কারখানা স্থাপন করতে যাচ্ছে সিঙ্গাপুর ও চীনের মালিকানাধীন প্রতিষ্ঠান জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেড। কারখানাটি চালু হলে ২ হাজার ২৩০ জন বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি বছরে ২৫ লাখ পিস উচ্চমানের পোশাক উৎপাদনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

এ লক্ষ্যে বুধবার (১৮ নভেম্বর) ঢাকার বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে জমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। চুক্তির মাধ্যমে চট্টগ্রাম ইপিজেডে নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে।

জয়ফুলের নতুন কারখানাটি স্থাপন করা হবে চট্টগ্রাম ইপিজেডের অন্যতম পুরোনো প্রতিষ্ঠান সিয়ামস সুপিরিয়র লিমিটেডের সাবেক কারখানা প্রাঙ্গণে। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের আগস্টে কার্যক্রম বন্ধ করে দেয়। এরপর বেপজা নির্ধারিত বিধিবিধান ও প্রক্রিয়া অনুসরণ করে কারখানাটির যন্ত্রপাতি এবং অবকাঠামো নিলামে তোলে।

উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন নিয়ে এসব সম্পদ অধিগ্রহণ করে জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেড। নতুন বিনিয়োগের মাধ্যমে পুরোনো কারখানার অবকাঠামো কাজে লাগিয়ে উৎপাদন কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

কারখানাটিতে বছরে ২৫ লাখ পিস উচ্চমানের পোশাক উৎপাদনের পরিকল্পনা রয়েছে। উৎপাদিত পোশাকের মধ্যে থাকবে হান্টিং স্যুট, প্রযুক্তিনির্ভর ও পানিরোধী আউটারওয়্যার, উইন্ডব্রেকার, কমব্যাট জ্যাকেট, ট্রেঞ্চ কোট, ওভারকোট, প্যাডেড জ্যাকেট, ডাউন জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ক্যাজুয়াল জ্যাকেট, স্কি জ্যাকেট, কটন জ্যাকেট, পাফার পার্কা ও পশমের তৈরি আউটারওয়্যার।

বিশেষ ধরনের এসব পোশাক আন্তর্জাতিক বাজারে চাহিদা বিবেচনায় উৎপাদন করা হবে। প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন প্রধান রপ্তানি বাজারে এসব পণ্য সরবরাহ করা হবে।

জমি ইজারা চুক্তিতে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন এবং জয়ফুলের ব্যবস্থাপনা পরিচালক হান জুনশিয়াও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বেপজার ওপর আস্থা রেখে বাংলাদেশে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ায় জয়ফুলকে ধন্যবাদ জানান নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, প্রচলিত বিধিবিধান অনুযায়ী বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সেবা নিশ্চিত করবে বেপজা।

একই সঙ্গে জয়ফুলের ব্যবসায়িক অংশীদারদেরও বেপজার বিভিন্ন অঞ্চলে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম ইপিজেডে বিনিয়োগের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন জয়ফুলের ব্যবস্থাপনা পরিচালক হান জুনশিয়াও। তিনি জানান, ২০২৭ সালের মার্চের মধ্যে কারখানার সংস্কারকাজ শেষ করে উৎপাদন শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল মো. মহসীন হাসান, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ সংস্থাটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জয়ফুলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

৬০ লাখ ডলারের এই বিনিয়োগ বাস্তবায়িত হলে চট্টগ্রাম ইপিজেডে নতুন উৎপাদন কার্যক্রম চালুর পাশাপাশি ২ হাজার ২৩০ জন মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যের পোশাক রপ্তানির মাধ্যমে দেশের তৈরি পোশাক খাতে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে