×
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মোবাইল ব্যবহার নিয়ে বড় সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের

২০২৬ নভেম্বর ১৯ ১০:০১:৩৫
মোবাইল ব্যবহার নিয়ে বড় সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এমনকি শিক্ষকরা শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশও করতে পারবেন না। বৃহস্পতিবার জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহারে কড়াকড়ি আরোপ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, শ্রেণিকক্ষে পাঠদানের সময় শিক্ষক ও শিক্ষার্থী—কেউই মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। শিক্ষকদের শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

চট্টগ্রাম-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ইতোমধ্যে এ বিষয়ে আদেশ জারি করেছে।

ওই আদেশ অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ এবং ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। শ্রেণিকক্ষে পাঠদানের পরিবেশ স্বাভাবিক রাখা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ানোর লক্ষ্যেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী আরও জানান, মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে বিস্তারিত ও পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়নের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের। এ বিষয়ে পরবর্তী সময়ে প্রয়োজনীয় নীতিমালা তৈরি করা হতে পারে।

সংসদে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সাইবার বুলিং প্রতিরোধ এবং শ্রেণিকক্ষে পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াতে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। কোথাও এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করে তা বাস্তবায়ন করা হচ্ছে।

বাংলাদেশেও শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞার মাধ্যমে শিক্ষার পরিবেশ উন্নত করা, পাঠদানে মনোযোগ বাড়ানো এবং শিক্ষার্থী-শিক্ষকদের অপ্রয়োজনীয় ফোন ব্যবহার নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে