×
ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম

২০২৬ নভেম্বর ১৬ ১৯:৫০:১৬
সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম

নিজস্ব প্রতিবেদক: সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎসে কর আদায়ের নিয়মে পরিবর্তন এসেছে। নতুন ব্যবস্থায় মুনাফা থেকে কেটে রাখা কর আর চূড়ান্ত কর হিসেবে গণ্য হবে না; বরং আয়কর রিটার্নে ব্যক্তির মোট আয়ের বিপরীতে নির্ধারিত করের সঙ্গে তা সমন্বয় করা হবে। ফলে যাদের প্রকৃত করের পরিমাণ উৎসে কাটা করের চেয়ে কম, তারা অতিরিক্ত অর্থ ফেরত পাওয়ার সুযোগ পাবেন। অন্যদিকে, যাদের প্রকৃত করের পরিমাণ বেশি, তাদের বাকি কর পরিশোধ করতে হতে পারে।

নতুন নিয়ম কার্যকর হওয়ায় সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের বছর শেষে করের হিসাব নতুনভাবে করতে হবে। কারও ক্ষেত্রে আগে কেটে রাখা অর্থের একটি অংশ ফেরত আসতে পারে, আবার কারও ক্ষেত্রে বাড়তি করের দায় তৈরি হতে পারে।

বর্তমানে সঞ্চয়পত্রের মুনাফা থেকে টিআইএনধারীদের ১০ শতাংশ এবং টিআইএন না থাকলে ১৫ শতাংশ হারে উৎসে কর কেটে রাখা হয়। আগে এই উৎসে করকেই চূড়ান্ত কর হিসেবে বিবেচনা করা হতো। ফলে কারও প্রকৃত করের পরিমাণ কম হলেও উৎসে কেটে রাখা অতিরিক্ত অর্থ ফেরত পাওয়ার সুযোগ ছিল না।

নতুন নিয়মে উৎসে কাটা করকে অগ্রিম কর হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ, বছর শেষে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় ব্যক্তির সব উৎসের আয়, প্রযোজ্য করহার এবং করছাড় হিসাব করে চূড়ান্ত কর নির্ধারণ করা হবে।

এরপর সঞ্চয়পত্রের মুনাফা থেকে আগে কেটে রাখা কর মোট করের সঙ্গে সমন্বয় করা হবে। উৎসে বেশি কর কাটা হলে অতিরিক্ত অর্থ ফেরত পাওয়া যাবে। আর প্রকৃত করের পরিমাণ বেশি হলে বাকি অর্থ পরিশোধ করতে হবে।

নতুন নিয়মে যাদের প্রকৃত করহার উৎসে কাটা করের হারের চেয়ে কম, তারা বেশি সুবিধা পাবেন। বিশেষ করে যাদের বার্ষিক আয় করমুক্ত সীমার মধ্যে অথবা তুলনামূলক কম করের ধাপে রয়েছে, তাদের অতিরিক্ত কেটে রাখা অর্থ ফেরত পাওয়ার সুযোগ তৈরি হবে।

অন্যদিকে, যাদের মোট আয় বেশি এবং প্রকৃত করহার ১০ শতাংশের বেশি, তাদের ক্ষেত্রে সঞ্চয়পত্রের মুনাফার বিপরীতে অতিরিক্ত করের দায় তৈরি হতে পারে।

বিষয়টি দুটি উদাহরণের মাধ্যমে বোঝা যাক।

উদাহরণ ১: অতিরিক্ত কর ফেরত পাবেন যেভাবে

ধরা যাক, একজন ব্যক্তি সঞ্চয়পত্র থেকে বছরে এক লাখ টাকা মুনাফা পেলেন। এ মুনাফা থেকে ১০ শতাংশ হারে ১০ হাজার টাকা উৎসে কর কাটা হলো। অন্য উৎস থেকে তাঁর আয় সাড়ে তিন লাখ টাকা। ফলে সব মিলিয়ে তাঁর বার্ষিক আয় দাঁড়াল সাড়ে চার লাখ টাকা।

ধরা যাক, তাঁর প্রথম চার লাখ টাকা করমুক্ত এবং পরবর্তী ৫০ হাজার টাকার ওপর ১০ শতাংশ হারে পাঁচ হাজার টাকা কর প্রযোজ্য। এ ক্ষেত্রে উৎসে কেটে রাখা ১০ হাজার টাকার মধ্যে পাঁচ হাজার টাকা অতিরিক্ত। আয়কর রিটার্নে হিসাব সমন্বয়ের পর তিনি এই পাঁচ হাজার টাকা ফেরত পাওয়ার সুযোগ পাবেন।

উদাহরণ ২: বাড়তি কর দিতে হবে যাদের

এবার ধরা যাক, একজন ব্যক্তি সঞ্চয়পত্র থেকে বছরে পাঁচ লাখ টাকা মুনাফা পেলেন। এ জন্য ১০ শতাংশ হারে ৫০ হাজার টাকা উৎসে কর কাটা হলো। পাশাপাশি বেতন বা অন্য উৎস থেকে তাঁর আয় চার লাখ টাকা। সব মিলিয়ে বার্ষিক আয় দাঁড়াল ৯ লাখ টাকা।

প্রদত্ত উদাহরণের করধাপ অনুযায়ী, প্রথম চার লাখ টাকা করমুক্ত, পরবর্তী তিন লাখ টাকার ওপর ১০ শতাংশ হারে ৩০ হাজার টাকা এবং পরের দুই লাখ টাকার ওপর ১৫ শতাংশ হারে ৩০ হাজার টাকা কর প্রযোজ্য হবে। অর্থাৎ, মোট করের পরিমাণ দাঁড়াবে ৬০ হাজার টাকা।

আগে উৎসে কেটে রাখা ৫০ হাজার টাকা সমন্বয়ের পর তাঁকে আরও ১০ হাজার টাকা কর পরিশোধ করতে হবে।নতুন নিয়মে সঞ্চয়পত্রের মুনাফা থেকে উৎসে কর কাটার পর বছর শেষে প্রকৃত করের পরিমাণ কম হলে অতিরিক্ত অর্থ ফেরত চাওয়া যাবে।

ধরা যাক, কোনো ব্যক্তির সঞ্চয়পত্রের মুনাফা থেকে ৩০ হাজার টাকা উৎসে কর কাটা হয়েছে। কিন্তু তাঁর মোট আয়, করছাড় ও অন্যান্য হিসাব সমন্বয়ের পর প্রকৃত করের পরিমাণ দাঁড়িয়েছে ২০ হাজার টাকা। সে ক্ষেত্রে অতিরিক্ত কাটা ১০ হাজার টাকা ফেরত পাওয়ার দাবি করতে পারবেন তিনি।

এ জন্য আয়কর রিটার্ন জমা দিতে হবে। রিটার্নে উৎসে কর কর্তনের তথ্য উল্লেখ করার পাশাপাশি ব্যাংক হিসাবের তথ্য দিয়ে অতিরিক্ত কর ফেরতের আবেদন করতে হবে। উৎসে কর কাটার প্রমাণপত্রও সংরক্ষণ করতে হবে।

বিশেষ করে যাদের আয় করমুক্ত সীমার মধ্যে, অথচ সঞ্চয়পত্রের মুনাফা থেকে উৎসে কর কাটা হচ্ছে, তাঁরাও অতিরিক্ত অর্থ ফেরত পাওয়ার সুযোগ পেতে পারেন। এ ক্ষেত্রে টিআইএন নিয়ে আয়কর রিটার্ন জমা দিতে হবে।

কর বিভাগের যাচাই-বাছাই শেষে প্রাপ্য অর্থ ১২০ দিনের মধ্যে ব্যাংক হিসাবে ফেরত দেওয়ার বিধান রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নতুন নিয়মে সঞ্চয়পত্রের মুনাফা থেকে উৎসে কর কেটে রাখার পর সেটিকে চূড়ান্ত কর হিসেবে ধরে নেওয়ার সুযোগ থাকছে না। বছর শেষে ব্যক্তির মোট আয় ও প্রযোজ্য করহারের ভিত্তিতে প্রকৃত কর নির্ধারণ করা হবে।

ফলে কম করহার বা করমুক্ত সীমার মধ্যে থাকা বিনিয়োগকারীরা অতিরিক্ত কাটা অর্থ ফেরত পেতে পারেন। বিপরীতে, উচ্চ আয়ের বিনিয়োগকারীদের বাড়তি কর দিতে হতে পারে।

তাই সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের মুনাফা থেকে কাটা করের প্রমাণপত্র সংরক্ষণ করা এবং বছর শেষে আয়কর রিটার্নের মাধ্যমে করের হিসাব সমন্বয় করা জরুরি।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে