×
ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বাজারের উত্থান-পতনে অদৃশ্য শক্তির প্রভাব, নজরদারি বাড়ানোর দাবি

২০২৬ নভেম্বর ১১ ১৫:৪০:১৭
বাজারের উত্থান-পতনে অদৃশ্য শক্তির প্রভাব, নজরদারি বাড়ানোর দাবি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হলে বাজার তদারকি ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা জরুরি। বাজারসংশ্লিষ্টদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী চক্র নিজেদের সুবিধা অনুযায়ী সূচক ও লেনদেনের গতিপ্রকৃতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এই চক্রের তৎপরতার কারণেই বাজারে স্থিতিশীলতা আসছে না। তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে শেয়ারবাজারের পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। এ কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং নিয়ন্ত্রক সংস্থাকে আরও সতর্ক ও সক্রিয় ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে সিডিবিএল, আইসিবিসহ পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য প্রতিষ্ঠানকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তাদের মতে, কেবল আর্থিক প্রণোদনা দিয়ে শেয়ারবাজারের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

বাজারসংশ্লিষ্টদের ভাষ্য, অতীতে বাজারের স্থিতিশীলতা ফেরাতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) হাজার হাজার কোটি টাকার প্রণোদনা দেওয়া হয়েছে। কিন্তু এত বিপুল অর্থ সহায়তার পরও বাজারে তার প্রত্যাশিত ইতিবাচক প্রভাব দেখা যায়নি। এতে বিনিয়োগকারীরাও কোনো সুফল পাননি। পরিস্থিতির পরিবর্তন না হয়ে বরং শেয়ারবাজারকে আরও দুর্বল অবস্থানে দেখা গেছে।

তাদের মতে, শেয়ারবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বর্তমান সরকারের আন্তরিকতার ঘাটতি নেই। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যেই নিয়ন্ত্রক সংস্থার কমিশনে পরিবর্তন আনা হয়েছে। তবে দায়িত্ব গ্রহণের পর বর্তমান কমিশন এখন পর্যন্ত নিজেদের সক্ষমতার যথাযথ প্রমাণ দিতে পারেনি।

যদিও বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পরপরই শেয়ারবাজারের সূচক ও লেনদেনে রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধি দেখা গিয়েছিল, কিন্তু সেই ইতিবাচক ধারা ধরে রাখা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে ধারাবাহিক দরপতনে বাজার আবারও তলানির দিকে চলে যায়। কমিশনের পক্ষ থেকে বাজার উন্নয়নে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ ও সংস্কার কার্যক্রমের কথা বলা হলেও অব্যাহত দরপতন ঠেকাতে দৃশ্যমান কার্যকর উদ্যোগ চোখে পড়েনি। ফলে সূচক ও লেনদেনে সাময়িক কিছুটা উন্নতি হলেও বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট কাটছে না। বাজারের বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীরা এখনো ভরসা রাখতে পারছেন না।

এদিকে, বুধবার (১১ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও টাকার অঙ্কে লেনদেন—দুই ক্ষেত্রেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদরও বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮.৩১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৪৪৫.০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.৭১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৫.৪০ পয়েন্টে অবস্থান করছে। পাশাপাশি ডিএসই-৩০ সূচক ১.৯৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২ হাজার ৫৯.৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিনটিতে ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮১টির দর বেড়েছে, ১৫১টির দর কমেছে এবং ৫৬টির দর অপরিবর্তিত ছিল।

এদিন ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭৫৭ কোটি ৬৬ লাখ টাকা। আগের কর্মদিবসে এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছিল প্রায় ৬৫৮ কোটি ৫০ লাখ টাকা। সেই হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেনের পরিমাণ বেড়েছে প্রায় ৯৯ কোটি ১৬ লাখ টাকা।

অন্যদিকে, দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার মোট ১৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন এক্সচেঞ্জটিতে লেনদেনের পরিমাণ ছিল ৯ কোটি ৮০ লাখ টাকা।

এদিন সিএসইতে মোট ১৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৯০টির দর বেড়েছে, ৫৯টির দর কমেছে এবং ৩১টির দর অপরিবর্তিত রয়েছে।

দিনশেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯.৮৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫২৬.৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কর্মদিবসে সূচকটি ৫১.৯৩ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে