×
ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

‘আমাদের কেউ বললে ঝাঁটা মিছিল হতো’

২০২৬ নভেম্বর ১১ ১২:৪৬:১১
‘আমাদের কেউ বললে ঝাঁটা মিছিল হতো’

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের স্বামী-স্ত্রীর চাকরি নিয়ে দেওয়া ব্যক্তিগত মতামতকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতের সংরক্ষিত আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজ। তিনি কটাক্ষ করে বলেছেন, এমন মন্তব্য তাঁদের দলের কেউ করলে ঝাঁটা মিছিলের আয়োজন করা হতো।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক—এটি তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন না। তাঁর মতে, এর সরাসরি প্রভাব পড়ে সন্তানদের ওপর।

প্রতিমন্ত্রী বলেন, মেয়েরা কেবল সন্তান লালন-পালনের জন্য জন্মেছে—বিষয়টি এমন নয়। সন্তান অন্য কেউও লালন-পালন করতে পারে। তবে বাবা-মায়ের নিবিড় সান্নিধ্যে বড় হলে সন্তানের মধ্যে বিশেষ ধরনের মানসিক উপলব্ধি ও মূল্যবোধ তৈরি হয়।

তিনি আরও স্পষ্ট করেন, একই পরিবারে স্বামী-স্ত্রী দুজনের চাকরি করায় তাঁর কোনো আপত্তি নেই। তবে পরিবারের একজন চাকরি করলে সেটি ভালো—এটি তাঁর একান্ত ব্যক্তিগত অভিমত। গণমাধ্যমে যেন তাঁর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা না হয়, সে বিষয়েও সতর্ক করেন তিনি।

প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মারদিয়া মমতাজ লেখেন, ‘ভাগ্যিস, এটা আমাদের হুজুর কেউ বলেন নাই। আজকে ঝাঁটা মিছিল স্পন্সর করা হতো।’

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুনও প্রতিমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন। তিনি ফেসবুক পোস্টে লেখেন, যে পরিবারে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করেন, সেই পরিবারের সন্তানরাও ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। তাঁর মতে, কর্মজীবী বাবা-মা সন্তানদের সঙ্গে মানসম্মত ও বুদ্ধিদীপ্ত সময় কাটাতে পারেন। পাশাপাশি পরিবারে আর্থিক সচ্ছলতাও থাকে।

অনুষ্ঠানে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রতিমন্ত্রী। এলজিইডির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। এ ছাড়া মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া ১৭৬ জন নবনিযুক্ত সহকারী প্রকৌশলী উপস্থিত ছিলেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে