×
ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

জামিনের দিনই বিটিএমএর সভাপতির পদ হারালেন শওকত আজিজ

২০২৬ নভেম্বর ১১ ০৮:১৯:২৩
জামিনের দিনই বিটিএমএর সভাপতির পদ হারালেন শওকত আজিজ

নিজস্ব প্রতিবেদক: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পাওয়ার পর এবার বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতির পদ থেকেও অব্যাহতি পেয়েছেন আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের একটি চিঠির পরিপ্রেক্ষিতে তাকে বিটিএমএর সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। একই দিন সংগঠনটির পরিচালনা বোর্ডের জরুরি সভায় যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলামকে নতুন সভাপতি নির্বাচিত করা হয়। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে বলে সংগঠনের ঘোষণায় জানানো হয়।

বিটিএমএর 'এ' ক্যাটাগরির সহসভাপতির পদ শূন্য হওয়ায় সুরাইয়া স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েবকে নতুন সহসভাপতি নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া পিএইচপি স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলামকে 'এ' ক্যাটাগরি থেকে পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে মঙ্গলবারই পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় দণ্ডের বিরুদ্ধে শওকত আজিজ রাসেলের আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে ছয় মাসের জামিন দেওয়া হয়। বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের একক বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাসেলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।

গত ১৩ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৯ এ মামলায় রাসেলসহ আটজনকে কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী, সাবেক সদস্য এসডি ফয়েজ, একেএম ওয়াহেদুল ইসলাম, এসএম জাফর উল্লাহ, এইচএম জহুরুল হক, মো. রেজাউল করিম তরফদার এবং আশফাক আজিজ রুবেল।

রায়ে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ধারায় প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি দুই ধারায় মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়। তবে দুই ধারার সাজা একই সঙ্গে কার্যকর হওয়ার নির্দেশ থাকায় কারাদণ্ডের মেয়াদ যোগ করে ১৪ বছর হিসেবে কার্যকর হবে না। জরিমানা অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ডের আদেশও রয়েছে।

মামলার রায়ে শওকত আজিজ রাসেল ও আশফাক আজিজের নামে বরাদ্দ করা পূর্বাচলের দুটি প্লট বাতিল করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়। প্লট দুটি সেক্টর-১-এর রোড-৪০৫-এ অবস্থিত; নম্বর ১১ ও ১৩। প্রতিটি প্লটের আয়তন ১০ কাঠা।

প্রভাব খাটিয়ে পূর্বাচল আবাসিক প্রকল্পে ২০ কাঠা জমির দুটি প্লট বরাদ্দ নেওয়া ও দেওয়ার অভিযোগে ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি করে। দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে শওকত আজিজ রাসেল ও আশফাক আজিজের নামে ১০ কাঠা করে দুটি প্লট বরাদ্দ দেন। এতে রাষ্ট্রের আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়।

গত ১ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৯-এ আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেছিলেন রাসেল। তবে বিচারিক আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে হাইকোর্টে আপিল ও জামিনের আবেদন করেন তিনি। মঙ্গলবার সেই আপিল শুনানির জন্য গ্রহণ করে তাকে ছয় মাসের জামিন দেন উচ্চ আদালত। একই দিনে বিটিএমএর সভাপতির পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে