×
ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

এমটিবির ১৩৫ কোটি টাকা পাওনা

সিটিসেলের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে নতুন বিপাকে পিবিটিএল

২০২৬ নভেম্বর ১১ ০৮:০০:০৯
সিটিসেলের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে নতুন বিপাকে পিবিটিএল

নিজস্ব প্রতিবেদক: বন্ধ হয়ে যাওয়া মোবাইল অপারেটর সিটিসেলের মূল পরিচালনাকারী প্রতিষ্ঠান প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের (পিবিটিএল) শীর্ষ কর্মকর্তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) দায়ের করা ১৩৫ কোটি টাকার বেশি ঋণ আদায়ের মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

ব্যাংকের দায়ের করা মামলায় পিবিটিএলসহ মোট ১২ জনকে বিবাদী করা হয়েছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ঢাকার অর্থঋণ আদালত-৭ গত ১৩ মে ২০২৬ তারিখে এমটিবির পক্ষে রায় ও ডিক্রি দেন। আদালতের নির্ধারিত সময়ের মধ্যে পাওনা পরিশোধে ব্যর্থ হওয়ায় পরবর্তী সময়ে অর্থজারি মামলা করে ব্যাংকটি।

আট বছরের আইনি প্রক্রিয়া

প্রতিবেদন অনুযায়ী, খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যে ২০১৮ সালের ৫ জুলাই পিবিটিএলের বিরুদ্ধে ঢাকার অর্থঋণ আদালতে মামলা করে এমটিবি। মামলাটির নম্বর ৫২১/২০১৮। এতে পিবিটিএল ছাড়াও প্রতিষ্ঠানটির বিদেশি ইক্যুইটি অংশীদার ও করপোরেট গ্যারান্টর হিসেবে সিংটেল এশিয়া প্যাসিফিক ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড, ফার ইস্ট টেলিকম লিমিটেড এবং প্যাসিফিক মোটরস লিমিটেডসহ মোট ১২ জনকে বিবাদী করা হয়।

দীর্ঘ আট বছর ধরে চলা বিচারিক কার্যক্রম শেষে ২০২৬ সালের ১৩ মে ঢাকার অর্থঋণ আদালত-৭-এর বিচারক মো. ফরিদ উদ্দিন এমটিবির পক্ষে রায় ও ডিক্রি দেন।

আদালতের রায়ে নির্ধারিত সময়ের মধ্যে পাওনা পরিশোধ না করায় গত ২৭ জুলাই ডিক্রি অনুযায়ী ১৩৫ কোটি ৩২ লাখ টাকা আদায়ের জন্য অর্থজারি মামলা করে এমটিবি। মামলাটির নম্বর ৮১০/২০২৬। পরবর্তী সময়ে ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পিবিটিএলের কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

যাঁদের বিরুদ্ধে পরোয়ানা

প্রতিবেদনে বলা হয়েছে, অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ৩৪(১) ধারায় দেওয়ানি আটকাদেশ কার্যকরের অংশ হিসেবে পিবিটিএলের পাঁচজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। তাঁরা হলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহবুব চৌধুরী, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, পরিচালক নাসরিন খান, পরিচালক আসগর করিম এবং ভারপ্রাপ্ত প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ও জামিনদার মো. ফরিকুল হাসান।

গুলশানে পুলিশের অভিযান

আদালতের নির্দেশনা অনুযায়ী পরোয়ানা কার্যকরের অংশ হিসেবে গত ২ নভেম্বর গুলশান থানা পুলিশ অভিযান চালায়। এ সময় পিবিটিএলের পরিচালক আসগর করিমের গুলশানের আবাসিক ঠিকানায় গিয়ে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়। তবে বাড়ির কেয়ারটেকার পুলিশকে জানান, ওই সময় তিনি বাসায় ছিলেন না।

প্রতিবেদন অনুযায়ী, আদালতের রায় বাস্তবায়নে আগামী ১৮ নভেম্বরের আগেই পরোয়ানাভুক্ত কর্মকর্তাদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে, এমটিবির পাওনা আদায়ের এই মামলাকে কেন্দ্র করে সিটিসেলের পরিচালনাকারী প্রতিষ্ঠান পিবিটিএলের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নতুন করে আলোচনায় এসেছে। তবে পরোয়ানাভুক্ত অন্য কর্মকর্তাদের বিষয়ে অভিযান ও গ্রেপ্তারের সর্বশেষ অগ্রগতি প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে