×
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

মোদির প্রচারে যুক্তরাষ্ট্রে বিপুল অর্থ ব্যয়, সামনে এলো নথি

২০২৬ নভেম্বর ০৯ ১৯:০১:৩৩
মোদির প্রচারে যুক্তরাষ্ট্রে বিপুল অর্থ ব্যয়, সামনে এলো নথি

নিজস্ব প্রতিবেদক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ সময় ক্ষমতায় থাকার রেকর্ড উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে অভিনন্দনবার্তা প্রকাশের ব্যবস্থা করেছিল যুক্তরাষ্ট্রভিত্তিক লবিং প্রতিষ্ঠান মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স। এ কাজের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে ভারতের সরকারের মাসিক ৭৫ হাজার ডলারের চুক্তি ছিল বলে মার্কিন সরকারি নথিতে উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট (এফএআরএ)-এর আওতায় জমা দেওয়া নথির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ওয়্যার। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ক্ষমতায় প্রত্যাবর্তনের পর ভারত সরকার মার্কারি পাবলিক অ্যাফেয়ার্সের সঙ্গে চুক্তি করে। প্রতিষ্ঠানটি ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তির সঙ্গে সম্পৃক্ত।

প্রতিবেদন অনুযায়ী, মার্কারি পাবলিক অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে রয়েছেন ট্রাম্পের প্রেসিডেন্ট ট্রানজিশন টিমের যোগাযোগবিষয়ক পরিচালক ব্রায়ান লানজা। এ ছাড়া ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফ সুসি ওয়াইলস ২০২৪ সালের শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটির নিবন্ধিত লবিস্ট ছিলেন।

মার্কিন নথিতে প্রতিষ্ঠানটি জুন মাসে ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মোদিকে নিয়ে প্রকাশিত অভিনন্দনবার্তার বিষয়টিও তাদের কার্যক্রমের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ওই বার্তায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালনের জন্য মোদিকে অভিনন্দন জানানো হয়েছিল।

ভারত সরকারের হয়ে যুক্তরাষ্ট্রে কাজ করা আরেকটি প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে ভারতীয় সরকারের আটটি ফোনালাপের ব্যবস্থা করেছিল। প্রতিষ্ঠানটির প্রধান জেসন মিলার ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

এফএআরএ নথি অনুযায়ী, চলতি বছরের মে ও জুন মাসে আয়োজন করা এসব ফোনালাপকে প্রতিষ্ঠানটি তাদের ‘রাজনৈতিক কর্মকাণ্ডের’ অংশ হিসেবে উল্লেখ করেছে। আলোচনার মূল বিষয় ছিল ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক।

২০২৫ সালের এপ্রিলে ভারত সরকার জেসন মিলারের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে। চলতি বছরের এপ্রিলে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। তবে ট্রাম্প প্রশাসনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে যোগ দেওয়ার পর ২৩ জুন চুক্তিটি বাতিল করা হয়।ভারতীয় দূতাবাসের সঙ্গে এসএইচডব্লিউ পার্টনার্সের চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটির মাসিক পারিশ্রমিক ছিল ১ লাখ ৫০ হাজার ডলার।

এফএআরএ নথিতে বলা হয়েছে, মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে কয়েকজন গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তার সঙ্গে ফোনালাপের ব্যবস্থা করে জেসন মিলারের প্রতিষ্ঠান।

এসব আলোচনায় যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল নিডহাম এবং সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দাবিষয়ক আন্ডার সেক্রেটারি জিন ল্যাঙ্গে অংশ নেন।

রুবিওর ভারত সফরের পর জুন মাসেও কয়েকটি ফোনালাপের আয়োজন করা হয়। এতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার, ট্রাম্পের নীতিবিষয়ক সহকারী ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ কার্যালয়ের পরিচালক স্টিভেন চিউং যুক্ত ছিলেন।

নথি অনুযায়ী, এসএইচডব্লিউ পার্টনার্সের দায়িত্বের মধ্যে ছিল কৌশলগত পরামর্শ দেওয়া, কর্মপরিকল্পনা তৈরি এবং মার্কিন সরকারের বিভিন্ন পর্যায়ে ভারতের নীতিগত স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যোগাযোগ ও সহযোগিতা করা।

এ ছাড়া মার্কিন কংগ্রেস, অঙ্গরাজ্য সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, থিংকট্যাংক এবং অন্যান্য প্রভাবশালী পক্ষের সঙ্গে সম্পর্ক রক্ষার বিষয়ও চুক্তিতে অন্তর্ভুক্ত ছিল।

ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট বা এফএআরএ যুক্তরাষ্ট্রের একটি আইন। এর আওতায় বিদেশি সরকার বা বিদেশি স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তাদের সম্পর্ক, কাজের বিবরণ এবং আর্থিক লেনদেনের তথ্য প্রকাশ করতে হয়।

মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স ও এসএইচডব্লিউ পার্টনার্সের জমা দেওয়া নথির মাধ্যমেই ভারতের সঙ্গে তাদের চুক্তি, ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে মোদিকে নিয়ে অভিনন্দনবার্তা প্রকাশের উদ্যোগ এবং হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের বিষয়গুলো সামনে এসেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে