×
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

উত্থানের ধারাবাহিকতা নিয়ে সংশয়, সতর্ক লেনদেনে বিনিয়োগকারীরা

২০২৬ নভেম্বর ০৮ ১৬:০৪:৩১
উত্থানের ধারাবাহিকতা নিয়ে সংশয়, সতর্ক লেনদেনে বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: টানা দুই কার্যদিবস সূচক বাড়ার পর আজ শেয়ারবাজারে সামান্য দর সংশোধন হয়েছে। এতে উত্থানের ধারাবাহিকতা বজায় থাকবে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা দেখা দিয়েছে। আপাতত বাজারের সার্বিক পরিস্থিতি ও গতিবিধি পর্যবেক্ষণ করছেন তারা। বাজারের গতিপ্রকৃতি বুঝে পরবর্তী সময়ে লেনদেনে সক্রিয় হবেন কি না, সে সিদ্ধান্ত নিতে চাইছেন বিনিয়োগকারীরা। তবে যেসব বিনিয়োগকারীর হাতে পর্যাপ্ত অলস অর্থ রয়েছে, তাদের কেউ কেউ বাজারে লেনদেনে অংশ নিচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাজার সংশ্লিষ্টদের মতে, আগের তুলনায় বিনিয়োগকারীরা এখন অনেক বেশি সচেতন। তারা বেশ সতর্কতার সঙ্গে বিনিয়োগের সিদ্ধান্ত নিচ্ছেন। কারণ, মাত্র দুই দিন সূচকের উত্থান হলেই বাজারের পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে, এমনটা মনে করার সুযোগ নেই। বরং আবারও যদি ধারাবাহিক দরপতন শুরু হয়, তাহলে প্রধান সূচক পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে বিনিয়োগকারীদের লোকসানের পরিমাণ আরও বেড়ে যেতে পারে।

তাদের মতে, বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে হলে প্রথমেই দরপতন ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি বড় পুঁজির বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নিতে হবে। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে বাজারে স্বাভাবিক গতি ফিরে আসার পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণও বাড়বে।

এদিকে, আজ ৮ নভেম্বর সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে। তবে দিনটিতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বাড়ার তুলনায় কমেছে বেশি প্রতিষ্ঠানের।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৩৫ পয়েন্ট কমে ৫ হাজার ৪০২ দশমিক ৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৯ দশমিক ২১ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ সূচক ১০ দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৫৮ দশমিক ৩৬ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৮৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১২২টির শেয়ারদর বেড়েছে, ২০০টির কমেছে এবং ৬৫টির দর অপরিবর্তিত ছিল।

দিনটিতে ডিএসইতে মোট ৫৬৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৬৪৫ কোটি ৪৩ লাখ টাকা। সেই হিসাবে এক দিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৮৬ কোটি ৬৩ লাখ টাকা।

অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১১ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এক্সচেঞ্জটিতে ১৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৭০টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে ৬৯টির দর কমেছে এবং ২৯টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৬৮ দশমিক ১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে সূচকটি বেড়েছিল ১৩৮ দশমিক ০৭ পয়েন্ট।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে