×
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

দেশে ফেরার তারিখ ঘোষণার আগে নতুন পদক্ষেপ শেখ হাসিনার

২০২৬ নভেম্বর ০৯ ১১:০৪:৪১
দেশে ফেরার তারিখ ঘোষণার আগে নতুন পদক্ষেপ শেখ হাসিনার

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। ২০২৪ সালে দেশ ছাড়ার পর বাংলাদেশি দূতাবাসে এটিই তার পক্ষ থেকে প্রথম এ ধরনের যোগাযোগ। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে এই উদ্যোগ নিয়েছেন তিনি। সোমবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার আইনজীবীরা সোমবার নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন। লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীদের পাঠানো ওই চিঠি দেখেছে রয়টার্স।

চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দূতাবাসের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়ে চিঠিতে বাংলাদেশের নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় দেশের বাধ্যবাধকতার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা কিংবা ঢাকায় প্রধানমন্ত্রীর মুখপাত্রের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

এর আগে রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছিলেন, তিনি বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তার সহযোগীরাও সোমবার জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। ফলে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদনকে তার দেশে ফেরার প্রস্তুতির গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান। তার পতনের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির অনেক নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন, আবার অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন।

এদিকে, ২০২৪ সালের আন্দোলনের সময় সংঘটিত প্রাণঘাতী দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

প্রায় ২০ বছর বিভিন্ন মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা। তার দেশে ফেরার উদ্যোগ নতুন করে রাজনৈতিক ও আইনি আলোচনার জন্ম দিয়েছে। রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, তার প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক বিভাজন আরও বাড়াতে পারে। তবে এর মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া কূটনৈতিক টানাপোড়েন কমার সম্ভাবনাও রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে