×
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

হাসিনাকে ফেরাতে ব্রিটিশ রাজনীতিকদের দ্বারস্থ আ.লীগ

২০২৬ নভেম্বর ০৯ ১০:২৮:১৮
হাসিনাকে ফেরাতে ব্রিটিশ রাজনীতিকদের দ্বারস্থ আ.লীগ

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পথ সুগম করতে এবার যুক্তরাজ্যের রাজনীতিকদের সমর্থন আদায়ে তৎপরতা শুরু করেছে আওয়ামী লীগ। শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁর বিরুদ্ধে রায় বা বিচারপ্রক্রিয়া নিয়ে কূটনৈতিক হস্তক্ষেপ চেয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটি খসড়া আবেদন পাঠানো হচ্ছে।

সংবাদমাধ্যম ‘টাইমস অব বাংলাদেশ’-এর এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, দলটির পক্ষ থেকে তৈরি করা এই খসড়া আবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া সম্ভাব্য মৃত্যুদণ্ডের রায় বা মামলাগুলো পুনর্বিবেচনা, দেশে ফিরলে তাঁর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক কূটনৈতিক হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে।

আবেদনের মূল দাবিসমূহ:

১. নিরাপত্তার নিশ্চয়তা: শেখ হাসিনা দেশে ফিরলে যাতে কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসা, নির্যাতন, মৃত্যুদণ্ড কার্যকর বা অন্য কোনো ক্ষতির শিকার না হন, সে বিষয়ে বর্তমান বাংলাদেশ সরকারের কাছ থেকে যুক্তরাজ্য সরকারকে লিখিত নিশ্চয়তা চাইতে অনুরোধ করা হয়েছে।

২. স্বাধীন তদন্ত ও বিচারিক পর্যালোচনা: তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর একটি স্বাধীন বিচারিক পর্যালোচনা এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।

৩. আইনি অধিকার: শেখ হাসিনাকে নিজের পছন্দ অনুযায়ী দেশি-বিদেশি আইনজীবী নিয়োগের পূর্ণ সুযোগ দেওয়ার দাবি করা হয়েছে।

৪. জাতিসংঘের নজরদারি: বিচারপ্রক্রিয়া নিরপেক্ষ রাখতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের (OHCHR) মাধ্যমে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণের প্রস্তাব রাখা হয়েছে।

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ডা. হাবিবে মিল্লাত জানিয়েছেন, এই আবেদনে ইতিপূর্বে ছয়জন ব্রিটিশ রাজনীতিক স্বাক্ষর করেছেন। তাঁরা হলেন—কনজারভেটিভ পার্টির ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান, সাবেক ইউরোপীয় পার্লামেন্ট সদস্য চার্লস ট্যানক, স্কটিশ পার্লামেন্টের তিন সদস্য: মার্টিন ডে, পল ম্যাকলেনান ও অ্যালান ব্রাউন, ব্রিটিশ এমপি সিমাস লোগান

খসড়া আবেদনে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা ২০২৬ সালের ডিসেম্বরের দিকে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। তবে তাঁর ফেরার নির্দিষ্ট সময় ও সার্বিক প্রস্তুতি এখনো নিশ্চিত নয়। একই সঙ্গে এই প্রক্রিয়ায় আওয়ামী লীগ নেতাদের স্বাধীন তদন্তে পূর্ণ সহযোগিতা করা, দেশের আইনি প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং যেকোনো ধরনের সহিংসতা বা উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে।

ব্রিটিশ রাজনীতিকদের এই উদ্যোগকে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি কূটনৈতিক প্রয়াস হিসেবে দেখা হলেও এটি যুক্তরাজ্য সরকারের আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ নয়। আন্তর্জাতিক ও সাবেক কূটনীতিকদের মতে, বিদেশি সরকারের কাছে পাঠানো এ ধরনের আবেদন কতটা ফলপ্রসূ হবে, তা পুরোপুরি নির্ভর করে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সমীকরণের ওপর। এখন ব্রিটিশ সরকার এই আবেদন কীভাবে গ্রহণ করে এবং তা নিয়ে ঢাকা-লন্ডন কোনো কূটনৈতিক বার্তা বিনিময় হয় কি না, সেটিই এখন দেখার বিষয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে