×
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

নতুন পে-স্কেলে বেতন বাড়লেও ইনক্রিমেন্ট মিলবে না যাদের

২০২৬ অক্টোবর ২৯ ২১:৩২:৫৭
নতুন পে-স্কেলে বেতন বাড়লেও ইনক্রিমেন্ট মিলবে না যাদের

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন পে-স্কেল অনুযায়ী তাঁরা বেতন ও চুক্তিতে উল্লেখ থাকা প্রযোজ্য ভাতা পাবেন। তবে চুক্তিভিত্তিক চাকরির মেয়াদে বার্ষিক ইনক্রিমেন্ট, আনুতোষিক ও পেনশন বৃদ্ধির সুবিধা পাবেন না তাঁরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ প্রজাতন্ত্রের বিভিন্ন অসামরিক পদে জনস্বার্থে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারণে নতুন বিধান করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১ জুলাইয়ের আগে জাতীয় বেতনকাঠামো-২০১৫ অনুসারে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া যেসব কর্মকর্তা-কর্মচারীর চুক্তির মেয়াদ ১ জুলাইয়ের পরও বহাল রয়েছে, তাঁদের নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে। তবে এ জন্য বিদ্যমান চুক্তি সংশোধন করতে হবে।

নতুন বিধান অনুসারে, সংশ্লিষ্ট চাকরিজীবীরা চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর নির্ধারিত নিয়মে বর্ধিত হারে বেতন এবং চুক্তিতে উল্লেখ থাকা প্রযোজ্য ভাতা পাবেন। তবে বছর শেষে নিয়মিত বেতন বৃদ্ধির সুবিধা তাঁদের জন্য প্রযোজ্য হবে না।

গত ১ জুলাইয়ের পর যাঁরা চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বা ভবিষ্যতে পাবেন, তাঁদের বেতন নির্ধারণের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম রাখা হয়েছে। অবসরের ঠিক আগে জাতীয় বেতনকাঠামো অনুযায়ী যে গ্রেড ও ধাপে তাঁদের মূল বেতন পাওয়ার কথা ছিল, নতুন বেতনকাঠামোয় সেই গ্রেড ও ধাপ বিবেচনায় নেওয়া হবে।

এ ক্ষেত্রেও বিদ্যমান চুক্তি সংশোধন করতে হবে। চুক্তি অনুযায়ী যোগদানের তারিখ থেকে নির্ধারিত নিয়মে বর্ধিত হারে বেতন এবং চুক্তিতে উল্লেখ থাকা ভাতা দেওয়া হবে।তবে বিশেষ পরিস্থিতিতে সরকার নির্ধারিত বেতন অথবা উভয় পক্ষের সম্মতিতে চুক্তিতে উল্লেখ করা বেতন কার্যকর হতে পারে।

প্রজ্ঞাপনে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিদের পেনশন বিবেচনার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তির মোট পেনশন, এককালীন অর্থ গ্রহণ বা পেনশন সমর্পণের আগের পরিমাণ এবং বিশেষ অতিরিক্ত পেনশন থাকলে তা বিবেচনায় নেওয়ার কথা বলা হয়েছে।

অন্যদিকে, চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদে নতুন করে বার্ষিক ইনক্রিমেন্ট, আনুতোষিক কিংবা পেনশন বৃদ্ধির সুবিধা দেওয়া হবে না। অর্থাৎ নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ করা হলেও এসব অতিরিক্ত সুবিধা স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে না।

সরকারি চাকরি থেকে অবসর না নিয়েই যাঁরা চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন, তাঁদের বেতন-ভাতা ও অন্যান্য চাকরির শর্ত আলাদাভাবে নির্ধারণ করা হবে। তাঁদের যোগ্যতা ও গুণাগুণ বিবেচনায় জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ যৌথভাবে এসব শর্ত নির্ধারণ করবে। পরে সেই অনুযায়ী চুক্তি সম্পাদন করতে হবে।

নতুন সিদ্ধান্তের মাধ্যমে অর্থ বিভাগের ২০১৬ সালের ২৬ জানুয়ারি জারি করা আগের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে। নতুন প্রজ্ঞাপনের সঙ্গে সাংঘর্ষিক আগের আদেশ ও নির্দেশনার সংশ্লিষ্ট অংশও বাতিল হবে। তবে নতুন বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নির্দেশনাগুলো বহাল থাকবে।

এ ছাড়া বেতন-ভাতা বিষয়ে সরকার ভবিষ্যতে নতুন কোনো আদেশ জারি করলে তা প্রযোজ্য হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সরকারি চাকরিতে বর্তমানে কতজন কর্মকর্তা-কর্মচারী চুক্তিভিত্তিক নিয়োগে রয়েছেন, তার হালনাগাদ তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তবে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবলসংক্রান্ত ‘স্ট্যাটিস্টিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৪’ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিভিন্ন শ্রেণিতে অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক কর্মচারী মিলিয়ে মোট ৭ হাজার ৯৮০ জন কর্মরত ছিলেন।

নতুন প্রজ্ঞাপনের ফলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণে নতুন কাঠামো কার্যকর হবে। তবে বার্ষিক ইনক্রিমেন্ট, আনুতোষিক ও পেনশন বৃদ্ধির মতো সুবিধা না থাকায় তাঁদের চাকরির আর্থিক শর্তে এই বিধান গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

সাদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে