×
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

তাহসিফের নিখোঁজ হওয়া রাতের বর্ণনা দিলেন সেই জুনিয়র বন্ধু

২০২৬ অক্টোবর ২৯ ১৯:২৬:৩১
তাহসিফের নিখোঁজ হওয়া রাতের বর্ণনা দিলেন সেই জুনিয়র বন্ধু

নিজস্ব প্রতিবেদক: বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি নিখোঁজ হওয়ার রাতে তাঁর সঙ্গে থাকা জুনিয়র বন্ধু শাহরিয়ার দ্বীপের সন্ধান পাওয়া গেছে। দ্বীপের দাবি, গত ২৭ অক্টোবর রাত আনুমানিক ৯টা থেকে ১১টা ৩০ মিনিট বা ১২টা পর্যন্ত তাহসিফের সঙ্গে ছিলেন তিনি। এ সময় তাঁরা মোটরসাইকেল মেরামত করানো ও একসঙ্গে রাতের খাবার খেয়েছেন।

শাহরিয়ার দ্বীপ জানান, তাহসিফের মোটরসাইকেলটি অকেজো হয়ে পড়েছিল। দুজনের মোটরসাইকেল একই মডেলের হওয়ায় নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেটি চালু করতে সাহায্য করেন তিনি। পরে তাঁরা একসঙ্গে উত্তরার একটি ওয়ার্কশপে যান। সেখানে তাহসিফের মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল পরিবর্তনসহ আরও কিছু কাজ করানো হয়।

দ্বীপের ভাষ্য অনুযায়ী, ওয়ার্কশপের কাজ শেষ করে তাঁরা আবার একটি অ্যাপার্টমেন্ট প্রকল্পে ফেরেন। পরে রাজি কমপ্লেক্সের একটি রেস্তোরাঁয় গিয়ে একসঙ্গে রাতের খাবার খান।

তিনি বলেন, খাওয়া শেষে নিজে বাসার দিকে চলে যান। তাহসিফ অন্যদিকে চলে যান। এরপর তিনি কোথায় গিয়েছিলেন বা কী কাজে বের হয়েছিলেন, তা জানেন না বলে দাবি করেন দ্বীপ।

সেদিন কতক্ষণ তাহসিফের সঙ্গে ছিলেন—এমন প্রশ্নের জবাবে দ্বীপ জানান, রাত ৯টার দিকে তাঁদের দেখা হয়। রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে তিনি বাসার উদ্দেশে রওনা হন। মোট সময়ের মধ্যে প্রায় দুই ঘণ্টা তাঁরা ওয়ার্কশপে ছিলেন বলে তাঁর ভাষ্য।

তাহসিফের সঙ্গে সম্পর্কের বিষয়ে দ্বীপ বলেন, বয়সে বড় হওয়ায় তাঁকে বড় ভাইয়ের মতো দেখতেন। তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং দুই পরিবার একে অপরের বাসায় দাওয়াতেও যেতেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বীপের নাম আলোচনায় আসার পর তাহসিফের ফেসবুক প্রোফাইল ঘেঁটে তাঁর সন্ধান পাওয়া যায় বলে যুগান্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ওই রাতের ঘটনাপ্রবাহ বর্ণনা করেন।

তবে দ্বীপের দেওয়া বিবরণ ওই রাতের পুরো ঘটনাপ্রবাহ নিশ্চিত করে না। তাহসিফ পরে কোথায় গিয়েছিলেন এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

সাদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে