×
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

‘সরকারি পয়সা নষ্ট’ সমালোচনার জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

২০২৬ অক্টোবর ২৮ ১৮:৫৩:১১
‘সরকারি পয়সা নষ্ট’ সমালোচনার জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জাপান সফরে আমজনতা পার্টির সদস্যসচিব মো. তারেক রহমানকে সফরসঙ্গী করায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনার জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমজনতার তারেকের অবদান নিয়ে প্রশ্ন তোলা এবং তাঁকে সফরসঙ্গী করায় সরকারি অর্থ অপচয়ের অভিযোগে বিস্ময় প্রকাশ করেছেন সরকারপ্রধান। একই সঙ্গে দেশের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো নিয়ে আলোচনা না করে একজন ব্যক্তিকে ঘিরে সমালোচনা করায় অসন্তোষ জানিয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে জাপানের টোকিওতে হোটেল নিউ ওতানির হলরুমে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ কমিউনিটি জাপান আয়োজিত এ সভায় প্রবাসীরা বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং প্রধানমন্ত্রীর কাছে নানা প্রশ্ন করেন।

‘দেশের অনেক সমস্যা আছে, সেগুলো নিয়ে আলাপ দেখি না’

মতবিনিময় সভায় আমজনতা পার্টির সদস্যসচিব মো. তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা ব্যঙ্গ-বিদ্রূপ ও সমালোচনার প্রসঙ্গ ওঠে। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের সঙ্গে আমজনতার তারেককে জাপান সফরে নেওয়ায় গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কথা বলা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে খুব আশ্চর্য লাগল, আমাদের সঙ্গে তারেককে নিয়ে এসেছি এবার। আমজনতার...। গত দুই দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ওকে নিয়ে দেখলাম অনেক কথা। যে ওর কোনো কন্ট্রিবিউশন নাই, ওকে নিয়ে এসে এখানে সরকারের পয়সা নষ্ট। এই দেশে অনেক সমস্যা আছে, সেগুলো নিয়ে কোনো আলাপ দেখি না।’

তাঁর বক্তব্যে দেশের গুরুত্বপূর্ণ সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিষয়গুলোকে আলোচনায় গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তিনি।

সমালোচনার জবাব দিয়েছিলেন আমজনতার তারেকও

এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সমালোচনাকারীদের জবাব দেন আমজনতা পার্টির সদস্যসচিব মো. তারেক রহমান।

পোস্টে তিনি অভিযোগ করেন, জামায়াত ও এনসিপির পক্ষ থেকে তাঁকে হেয় করার চেষ্টা করা হচ্ছে এবং রাষ্ট্রীয় সম্মান পাওয়ার বিষয়টি অনেকে সহজভাবে নিতে পারছেন না। প্রধানমন্ত্রী তাঁকে আবারও সফরসঙ্গী হওয়ার বিষয়ে মজা করে কথা বলেছেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

একই পোস্টে মুক্তিযুদ্ধের ইতিহাস, সার্বভৌমত্ব এবং জুলাই-পরবর্তী রাজনৈতিক বক্তব্য নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন তারেক রহমান।

প্রবাসীদের দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান

মতবিনিময় সভায় দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিদেশের মাটিতে বসবাসরত প্রত্যেক বাংলাদেশিই দেশের প্রতিনিধি হিসেবে কাজ করতে পারেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা প্রত্যেকেই বিদেশের মাটিতে দেশের একেকজন মূল প্রতিনিধি বা অ্যাম্বাসেডর। সরকারের পাশাপাশি আপনারা যদি বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা ও ভালো দিকগুলো জাপানি ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের কাছে তুলে ধরেন, তবে দীর্ঘমেয়াদে দেশ ও দেশের মানুষ উপকৃত হবে।’

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপানি ব্যবসায়ীরা

জাপানি বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাপান সরকার, দেশটির শীর্ষ নেতৃত্ব এবং ব্যবসায়ী মহলের সঙ্গে ধারাবাহিক বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে আগ্রহ দেখা গেছে।

স্বাধীনতার আগে ও পরে বাংলাদেশের পুনর্গঠন এবং অর্থনৈতিক উন্নয়নে জাপানের সহযোগিতার কথাও স্মরণ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। তবে এসব বিনিয়োগ দ্রুত দেশে নিয়ে আসতে প্রশাসনিক ও অর্থনৈতিক প্রস্তুতি আরও জোরদার করতে হবে। বিনিয়োগ বাড়লে নতুন শিল্পকারখানা গড়ে উঠবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী হবে।

শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিয়েও আলোচনা

মতবিনিময় সভায় প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাবে জাপানি ভাষা শিক্ষা, শিশুদের স্বাস্থ্য ও খেলাধুলার মাধ্যমে গড়ে তোলা, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, বন্ধ শিল্পকারখানা চালু, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বক্তব্যের শেষ পর্যায়ে রাজনৈতিক মতপার্থক্য ভুলে দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি শিশু যেন ভালো শিক্ষা পায়, চিকিৎসাসেবা পায়, পেট ভরে ভাত পায় এবং বুক ভরে বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারে—এতে কারও দ্বিমত থাকতে পারে না।’

একটি গণতান্ত্রিক, স্বাবলম্বী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ দেশবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা

বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বেসামরিক বিমান চলাচলমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবির, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরীসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা।

এ ছাড়া জাপান বিএনপির সভাপতি রেজা মীর, সাধারণ সম্পাদক এমদাদুল হক মনি, সহসভাপতি মাসুম জাকির, ব্যবসায়ী নেতা কাজী সারওয়ার হাবিবসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী ও অতিথিরা পৌঁছালে প্রবাসীরা করতালির মাধ্যমে তাঁদের স্বাগত জানান। পরে জাপান বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে আলোকচিত্র উপহার দেওয়া হয়।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে