×
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদে যাওয়ার পথে এলিজা জামান

২০২৬ অক্টোবর ২৮ ০৯:৫৭:৫৯
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদে যাওয়ার পথে এলিজা জামান

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রকাণ্ডের পর পদত্যাগ করা বিএনপির সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বিএনপির এলিজা জামান। মনোনয়নপত্র বাছাইয়ে তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় তাঁর নির্বাচিত হওয়ার পথ প্রায় নিশ্চিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

এর আগে সোমবার তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এলিজা জামান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়ের মধ্যে এলিজা জামানের একটিমাত্র মনোনয়নপত্র পাওয়া গেছে। ফলে তিনি একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১ নভেম্বর। এ সময়সীমা শেষ হওয়ার পর নির্বাচন কমিশন তাঁকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে বলে জানানো হয়েছে।

গত ১ অক্টোবর ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের কারণে সংরক্ষিত নারী আসনটি শূন্য হয়। তিনি বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন।

এলিজা জামান আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হলে মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে বিএনপির প্রতিনিধিত্ব বজায় থাকবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে