×
ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সেন্টমার্টিনে পর্যটকদের জন্য নতুন নির্দেশনা

২০২৬ অক্টোবর ২৫ ১৭:১২:০৭
সেন্টমার্টিনে পর্যটকদের জন্য নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণের সুযোগ বাড়ানো হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক দ্বীপটি ভ্রমণ করতে পারবেন। আগে দৈনিক পর্যটকের সংখ্যা ২ হাজারে সীমিত ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে।

রোববার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেন্টমার্টিনগামী অনুমোদিত পর্যটকবাহী জাহাজ কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে চলাচল করবে। টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচলের পরিবর্তে নুনিয়ারছড়া ঘাটের এই ব্যবস্থা অব্যাহত থাকবে।

এ ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং নৌপরিবহন অধিদপ্তর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্টমার্টিনে নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না। দ্বীপটির পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেন্টমার্টিনে পর্যটকদের কাছ থেকে পরিবেশ সংরক্ষণ ফি আদায়ের বিষয়ে পরিবেশ অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ক্ষেত্রে ‘ইসিএ ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬’-এর বিধি ২৬ অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকা হিসেবে সেন্টমার্টিনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় পর্যটকদের যাতায়াত নিয়ন্ত্রণ এবং পরিবেশ সংরক্ষণসংক্রান্ত নিয়ম বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্ত্রণালয়ের চিঠিতে আরও জানানো হয়েছে, ২০২৫ সালের ২২ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের সব নির্দেশনা বহাল থাকবে। নতুন সিদ্ধান্তের পাশাপাশি আগের নির্দেশনাগুলোও অনুসরণ করতে হবে।

সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতসংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ পর্যটন করপোরেশন, নৌপরিবহন অধিদপ্তর, বিআইডব্লিউটিএ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং কক্সবাজারের জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা পাঠানো হয়েছে।

নতুন নিয়ম কার্যকর হলে ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন। ভ্রমণের আগে পর্যটকদের জাহাজ চলাচল, অনুমোদন এবং পরিবেশ সংরক্ষণ ফি-সংক্রান্ত নির্দেশনা জেনে নেওয়া প্রয়োজন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে