×
ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সোশ্যাল বন্ডের পর এবার গ্রিন বন্ড, ব্র্যাক ব্যাংকের নতুন পদক্ষেপ

২০২৬ অক্টোবর ২৪ ১৫:৫৯:৩৬
সোশ্যাল বন্ডের পর এবার গ্রিন বন্ড, ব্র্যাক ব্যাংকের নতুন পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়নের লক্ষ্যে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ার পরিকল্পনা করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ব্যাংকটির দাবি, বাংলাদেশে প্রথম ব্যাংক হিসেবে এ ধরনের গ্রিন বন্ড ছাড়তে যাচ্ছে তারা। এই বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব ভবন নির্মাণ এবং শিল্প খাতে জ্বালানি দক্ষতা বাড়ানোর বিভিন্ন প্রকল্পে ব্যয় করা হবে।

ব্যাংক সূত্রে জানা গেছে, রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান এ উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গ্রিন বন্ড নীতিমালা অনুসরণ করে বন্ডটি ছাড়া হবে। এর মাধ্যমে পরিবেশগতভাবে টেকসই প্রকল্পে অর্থায়নের জন্য তহবিল সংগ্রহ করা হবে। পাশাপাশি এ বন্ডে বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগকারীদের নিয়মিত আয়ের সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে।

গত ২৩ মে প্রকাশিত এক ডিসক্লোজারে ব্র্যাক ব্যাংক জানায়, পরিবেশবান্ধব অর্থায়ন কার্যক্রমে সহায়তার জন্য অভিহিত মূল্যে সর্বোচ্চ ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ার পরিকল্পনা রয়েছে তাদের। এর দুই দিন আগে অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় বন্ড ছাড়ার প্রস্তাব অনুমোদন করা হয়।

পরিকল্পনা অনুযায়ী, বন্ডটির মেয়াদ হবে তিন বছর। এটি হবে নন-কনভার্টেবল বা রূপান্তর-অযোগ্য এবং ফুললি রিডিমেবল বা মেয়াদ শেষে সম্পূর্ণ পরিশোধযোগ্য। অর্থাৎ, বন্ডটি শেয়ারে রূপান্তর করা যাবে না এবং নির্ধারিত মেয়াদ শেষে এর অর্থ পরিশোধ করা হবে।

গ্রিন বন্ড থেকে সংগৃহীত অর্থ পরিবেশবান্ধব বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে সৌর ও বায়ুশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প, জ্বালানিসাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার, পরিবেশবান্ধব ভবন ও অবকাঠামো নির্মাণ এবং শিল্প খাতে জ্বালানি দক্ষতা বাড়ানোর উদ্যোগ।

এ ছাড়া বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে বর্জ্য শোধনাগার বা ইটিপি স্থাপনের মতো প্রকল্পেও অর্থায়নের সুযোগ রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে পরিবেশদূষণ কমানো এবং টেকসই উন্নয়ন কার্যক্রমে অর্থায়ন বাড়ানো সম্ভব।

গ্রিন বন্ড হলো এমন একটি আর্থিক উপকরণ, যার মাধ্যমে পরিবেশগতভাবে টেকসই প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থ সংগ্রহ করা হয়। সাধারণ বন্ডের মতো এর মাধ্যমেও বিনিয়োগকারীরা নির্ধারিত শর্ত অনুযায়ী আয় পেতে পারেন। তবে প্রকল্পের ধরন, বন্ডের শর্ত এবং অর্থ ব্যবহারের নিয়মের ওপর এর বৈশিষ্ট্য নির্ভর করে।

এর আগে ২০২৫ সালের অক্টোবরে বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে ১ হাজার কোটি টাকার সোশ্যাল বন্ড ছাড়ার জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেয়েছিল ব্র্যাক ব্যাংক। ওই বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যাংকের মূলধন শক্তিশালী করা এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে ব্যয়ের পরিকল্পনা করা হয়েছিল।

সোশ্যাল বন্ড থেকে পাওয়া অর্থ বাসেল-৩ কাঠামোর অধীনে ব্যাংকের টায়ার-২ মূলধন শক্তিশালী করার পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কাজে ব্যবহারের লক্ষ্য নির্ধারণ করা হয়।

নতুন গ্রিন বন্ড উদ্যোগ বাস্তবায়িত হলে পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়নের জন্য ব্র্যাক ব্যাংকের তহবিল সংগ্রহের আরেকটি সুযোগ তৈরি হবে। একই সঙ্গে দেশের ব্যাংকিং খাতে টেকসই অর্থায়ন কার্যক্রম সম্প্রসারণেও এটি ভূমিকা রাখতে পারে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে