×
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আওয়ামী নেতার সঞ্চালনা: তুমুল তোলপাড়!

২০২৬ অক্টোবর ২১ ১৮:৪৪:৪৪
প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আওয়ামী নেতার সঞ্চালনা: তুমুল তোলপাড়!

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে থেকে অতিথিদের অভ্যর্থনা জানানোর দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট নিখিল কুমার নাথ। মঙ্গলবার রাতে নগরের জে এম সেন হলের পূজামণ্ডপে আয়োজিত ওই অনুষ্ঠানের সঞ্চালকও ছিলেন তিনি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক হিসেবে তাঁর এই দায়িত্ব পালন স্বাভাবিক হলেও রাজনৈতিক পরিচয় সামনে আসায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

নিখিল কুমার নাথ রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য। সাবেক আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী হাছান মাহমুদের নির্বাচনি এলাকা রাঙ্গুনিয়ার রাজনীতিতে দীর্ঘদিন ধরে যুক্ত তিনি। স্থানীয় রাজনীতিতে হাছান মাহমুদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার বিষয়টিও আলোচিত। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি সরকারি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া একটি কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্বও পেয়েছিলেন।

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত একজন ব্যক্তির সঞ্চালকের দায়িত্ব পালন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন বিএনপির কয়েকজন নেতা-কর্মী। তাঁদের প্রশ্ন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন পদ ও সুযোগ-সুবিধা পাওয়া একজন ব্যক্তি কীভাবে বর্তমান প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ পেলেন।

তবে নিখিল কুমার নাথের বক্তব্য, পূজা উদযাপন পরিষদের দায়িত্বশীল নেতা হিসেবেই তিনি অনুষ্ঠানে ভূমিকা রেখেছেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করলেও তিনি দাবি করেন, কখনো কারও ক্ষতি করেননি।

পেশায় আইনজীবী নিখিল কুমার নাথের পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক দায়িত্বের পাশাপাশি দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয় রয়েছে। ২০২১ সালের ২২ জুন প্রকাশিত স্থানীয় একটি সংবাদে তাঁকে উত্তর রাঙ্গুনিয়া কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত করার তথ্য প্রকাশিত হয়।

ওই প্রতিবেদনে বলা হয়েছিল, সে সময় নিখিল কুমার নাথ চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই সঙ্গে তিনি রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং উত্তর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন।

ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। উত্তর জেলা ছাত্রলীগ, আইন কলেজ ছাত্রলীগ এবং রাঙ্গুনিয়া উপজেলা, ইউনিয়ন ও কলেজ ছাত্রলীগের রাজনীতিতে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়।

পরবর্তী সময়ে নিখিল কুমার নাথ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক হন। মঙ্গলবার জে এম সেন হলের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এই সাংগঠনিক পরিচয়েই দায়িত্ব পালন করতে দেখা যায়।

এ ঘটনা নিয়ে ফেসবুকে প্রশ্ন তোলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের পাঠাগার সম্পাদক মাসুদ উল হক চৌধুরী। তাঁর পোস্টে মূল প্রশ্ন ছিল, ‘প্রধানমন্ত্রীর পাশে আওয়ামী লীগ নেতা কীভাবে?’

মাসুদ উল হক চৌধুরী দাবি করেন, নিখিল কুমার নাথ রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য হওয়ার পাশাপাশি আওয়ামী লীগ সরকারের পুরো মেয়াদে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ কারণে তাঁকে তৎকালীন সরকারের সুবিধাভোগী হিসেবে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রীর নিরাপত্তার প্রসঙ্গ তুলে ছাত্রদলের এই নেতা বলেন, দলীয় পরিচয়ের এমন একজন ব্যক্তি কীভাবে প্রধানমন্ত্রীর এত কাছাকাছি থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেন, তা খতিয়ে দেখা প্রয়োজন। বিষয়টি রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর নজরে আনার আহ্বানও জানান তিনি।

সাবেক মন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে নিখিল কুমার নাথের সম্পর্ক দীর্ঘদিনের বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। রাঙ্গুনিয়া আসনে হাছান মাহমুদের নেতৃত্বাধীন রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে নিখিলকে তাঁর ঘনিষ্ঠ বলয়ের ব্যক্তি হিসেবে পরিচিত করা হতো। সংশ্লিষ্ট সূত্রের দাবি, হাছান মাহমুদের ডিও লেটারের ভিত্তিতে নিখিল কুমার নাথ উত্তর রাঙ্গুনিয়া কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পেয়েছিলেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে