×
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের

২০২৬ অক্টোবর ১১ ১৯:১৮:৩১
শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক: জিতলেই অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পাওয়া তো দূরের কথা, শেষ দিকে আরও দুই গোল হজম করে বড় ব্যবধানে হারতে হয়েছে আলপি-মেঘলাদের। ফলে বাছাইপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশের কিশোরীদের।

উজবেকিস্তানের তাসখন্দে আজ ‘এইচ’ গ্রুপের শেষ ম্যাচে ফিলিপাইনের কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। টানা দুই ম্যাচে জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে ফিলিপাইন। অন্যদিকে, একটি জয় ও একটি হার নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে থেকে বাছাইপর্ব শেষ করেছে বাংলাদেশ।

দুই দলেরই প্রথম ম্যাচের প্রতিপক্ষ ছিল স্বাগতিক উজবেকিস্তান। সেই ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে জিতলেও ফিলিপাইন পেয়েছিল ৪-০ গোলের বড় জয়। তাই মূল পর্বে যাওয়ার সমীকরণে বাংলাদেশের সামনে একটাই পথ খোলা ছিল—শেষ ম্যাচে ফিলিপাইনকে হারানো। কিন্তু সেই লক্ষ্য পূরণ করতে পারেনি দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফিলিপাইন। প্রতিপক্ষের ধারাবাহিক আক্রমণ সামলাতে ব্যস্ত থাকতে হয় বাংলাদেশের রক্ষণভাগকে। চতুর্থ মিনিটে গোলের সামনে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হলেও ডিফেন্ডার মৌসুমী আক্তার তা প্রতিহত করেন। এরপর গোলরক্ষক মেঘলা রানী রায়ও একাধিকবার দুর্দান্ত সেভ করে দলকে খেলায় রাখেন। ১৬ মিনিটে দূর থেকে নেওয়া শট এবং ২৩ মিনিটে কাছ থেকে করা প্রচেষ্টা রুখে দেন তিনি।

প্রথমার্ধের শেষ দিকে কিছুটা ছন্দ খুঁজে পায় বাংলাদেশ। ৪৩ মিনিটে সতীর্থের ক্রস থেকে মৌসুমী আক্তারের হেড অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। বিরতির আগে গোল করার আরেকটি ভালো সুযোগ তৈরি করেছিল দল। বক্সের বাইরে থেকে আলপি আক্তারের বাঁ পায়ের জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের ওপর চাপ ধরে রাখে ফিলিপাইন। তবে গোলের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয় ৭৩ মিনিট পর্যন্ত। বাঁ দিক থেকে আসা ক্রস ঠিকমতো ক্লিয়ার করতে ব্যর্থ হয় বাংলাদেশের রক্ষণভাগ। সেই সুযোগ কাজে লাগিয়ে দ্রুত শটে বল জালে পাঠান মায়া রোজ বাসকারা। এতে এগিয়ে যায় ফিলিপাইন।

ম্যাচের শেষ ১০ মিনিটে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ফিলিপাইন। নির্ধারিত সময়ের ৯০ মিনিটে ডান দিক থেকে কোনাকুণি শটে দলের ব্যবধান দ্বিগুণ করেন নোয়েল্লে গ্রানজার। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটেই বাঁ দিক থেকে নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশের ফেরার সম্ভাবনা শেষ করে দেন তিনি।

শেষ পর্যন্ত ৩-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। প্রথম ম্যাচে উজবেকিস্তানকে হারিয়ে মূল পর্বে ওঠার আশা জাগালেও শেষ ম্যাচের পরাজয়ে সেই স্বপ্ন অধরাই থেকে গেল আলপি-মেঘলাদের।

হাবিব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর

উ
প
রে