×
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সালমান মুক্তাদিরের ঘটনায় জামায়াত ও এনসিপির কড়া প্রতিক্রিয়া

২০২৬ সেপ্টেম্বর ২৭ ১১:০৭:০৫
সালমান মুক্তাদিরের ঘটনায় জামায়াত ও এনসিপির কড়া প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। পোস্টের সঙ্গে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা নিয়ে তার বক্তব্যের একটি ভিডিওও শেয়ার করেন।

শফিকুর রহমান তার পোস্টের ক্যাপশনে ঘটনাটিকে চাঁদাবাজদের হামলা হিসেবে উল্লেখ করেন। তিনি লেখেন, ‘গভীর রাতে জুলাইযোদ্ধা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের বাসা ও স্টুডিওতে চাঁদাবাজদের হানা, ভাঙচুর, লুটতরাজ ও তাণ্ডব।’

পোস্টে শফিকুর রহমান আরও বলেন, ‘মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে।’

তিনি আরও লেখেন, ‘কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কী সামলাবেন? একের পর এক ঘটনা ঘটেই চলেছে। হ্যাঁ, এর শেষ হবে একদিন, ইনশাআল্লাহ।’

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শনিবার দিবাগত রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সেখানে স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম ও অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত এবং লুট হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় সালমান মুক্তাদির নিজেও ঘটনার বিস্তারিত তুলে ধরে বক্তব্য দিয়েছেন। তার অভিযোগ, চাঁদা দিতে রাজি না হওয়াকে কেন্দ্র করে তার স্টুডিওতে হামলা চালানো হয়।

ঘটনাটি নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও প্রতিক্রিয়া জানিয়েছেন। নিজের একটি পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘দেশে কি কোনো সরকার আছে?’ একই পোস্টে তিনি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের বিষয়টি উল্লেখ করেন।

এদিকে সাংবাদিক শহিদুল আলমও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি সালমান মুক্তাদিরের সাহস ও সংযমের প্রশংসা করার পাশাপাশি ঘটনার বিচার এবং চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে। তবে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগের সঙ্গে কারা জড়িত—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে