×
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মেটলাইফের সঙ্গে এনআরবি ব্যাংকের নতুন চুক্তি

২০২৬ সেপ্টেম্বর ২৭ ১০:১৮:১৪
মেটলাইফের সঙ্গে এনআরবি ব্যাংকের নতুন চুক্তি

নিজস্ব প্রতিবেদক: ক্রেডিট কার্ড গ্রাহকদের বিমা সুরক্ষা সুবিধা অব্যাহত রাখতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে অষ্টমবারের মতো চুক্তি নবায়ন করেছে এনআরবি ব্যাংক পিএলসি। নতুন চুক্তির আওতায় নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ব্যাংকের মনোনীত ক্রেডিট কার্ড গ্রাহকরা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে বিমা সুবিধা পাবেন।

চুক্তি অনুযায়ী, কোনো গ্রাহকের মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে নির্ধারিত পলিসির শর্ত সাপেক্ষে তার ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধে বিমা সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি হাসপাতালে ভর্তি হলে প্রতিবারের জন্য ইন-হসপিটাল ক্যাশ বেনিফিট পাওয়ার সুযোগ থাকবে। এর মাধ্যমে অসুস্থতা বা চিকিৎসার সময় গ্রাহকদের অতিরিক্ত আর্থিক চাপ কিছুটা কমাতে সহায়তা করবে এই সুবিধা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন এনআরবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এবং মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ।

চুক্তি নবায়ন প্রসঙ্গে এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান বলেন, গ্রাহকরা এমন ব্যাংকিং সেবা প্রত্যাশা করেন, যা তাদের দৈনন্দিন জীবনের মান উন্নয়নে ভূমিকা রাখবে। মেটলাইফ বাংলাদেশের সঙ্গে অষ্টম বছরের এই অংশীদারত্বের মাধ্যমে মনোনীত ক্রেডিট কার্ড গ্রাহকরা অনাকাঙ্ক্ষিত ও কঠিন পরিস্থিতিতে নিজেদের এবং পরিবারের আর্থিক সুরক্ষায় সুবিধা পাবেন।

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, স্বাস্থ্যঝুঁকি বা অন্যান্য অপ্রত্যাশিত পরিস্থিতিতে আর্থিক সুরক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এনআরবি ব্যাংকের সঙ্গে অংশীদারত্ব অব্যাহত রাখার মাধ্যমে গ্রাহকদের জন্য বাস্তবভিত্তিক বিমা সুবিধা দেওয়ার লক্ষ্য রয়েছে, যা তাদের আর্থিক দুশ্চিন্তা কমাতে সহায়তা করবে।

এনআরবি ব্যাংক পিএলসি কার্ড ও ডিজিটাল আর্থিক সেবার পাশাপাশি ব্রাঞ্চ, এজেন্ট ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন ব্যাংকিং সেবা দিয়ে থাকে। গ্রাহকদের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রযুক্তিনির্ভর সেবার ওপরও গুরুত্ব দিচ্ছে ব্যাংকটি।

মেটলাইফ বাংলাদেশ ১৯৫২ সাল থেকে দেশে কার্যক্রম পরিচালনা করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, বর্তমানে তারা ১০ লাখের বেশি ব্যক্তি গ্রাহক এবং ৯০০টির বেশি করপোরেট গ্রাহককে সেবা দিচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৫ সালে মেটলাইফ ২ হাজার ৮৫৩ কোটি টাকা এবং ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকা দাবি পরিশোধ করেছে। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির দাবি নিষ্পত্তির হার ছিল ৯৮ শতাংশ বলে জানানো হয়েছে।

চুক্তি সই অনুষ্ঠানে এনআরবি ব্যাংক পিএলসি ও মেটলাইফ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে