×
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ব্র্যাক ব্যাংকের বোর্ডে নতুন স্বতন্ত্র পরিচালক ড. আবদুর রাজ্জাক

২০২৬ সেপ্টেম্বর ২৭ ১০:৩১:৫৮
ব্র্যাক ব্যাংকের বোর্ডে নতুন স্বতন্ত্র পরিচালক ড. আবদুর রাজ্জাক

নিজস্ব প্রতিবেদক: ব্র্যাক ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

ড. আবদুর রাজ্জাককে পরিচালনা পর্ষদে স্বাগত জানিয়ে ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এম. হাসান বলেন, ব্যাংকটি প্রবৃদ্ধি ও রূপান্তরের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এ সময়ে শক্তিশালী সুশাসন ও কৌশলগত তদারকি প্রয়োজন। গবেষণা, উন্নয়ন, শিক্ষা এবং নীতি নির্ধারণে ড. রাজ্জাকের দীর্ঘ অভিজ্ঞতা ব্যাংকের পরিচালনা পর্ষদকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি উল্লেখ করেন।

চেয়ারম্যান আরও বলেন, ড. রাজ্জাকের অভিজ্ঞতা ব্যাংকের কৌশলগত পরিকল্পনা প্রণয়ন এবং সুশাসন কাঠামো আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে। পাশাপাশি স্টেকহোল্ডারদের জন্য দীর্ঘমেয়াদি মূল্য তৈরিতেও তার দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অর্থনীতি, গবেষণা, উন্নয়ন ও জননীতি নিয়ে দেশি-বিদেশি পর্যায়ে কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ড. আবদুর রাজ্জাকের। বর্তমানে তিনি ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

লন্ডনে কমনওয়েলথ সেক্রেটারিয়েটে দীর্ঘদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ড. রাজ্জাক। সেখানে তিনি হেড অব ইন্টারন্যাশনাল ট্রেড পলিসি হিসেবে বাণিজ্যনীতি ও বৈশ্বিক অ্যাডভোকেসি-সংক্রান্ত কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন।

সাব-সাহারা আফ্রিকা, দক্ষিণ এশিয়া, ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতিসহ বিভিন্ন দেশের গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রমে কাজ করেছেন তিনি। বাংলাদেশের উন্নয়ন, নীতি বিশ্লেষণ এবং সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রমেও দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন।

ড. রাজ্জাক বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে কাজ করেছেন। তিনি একাধিকবার জি-২০ ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপের সামনে কারিগরি উপস্থাপনা দিয়েছেন। পাশাপাশি যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউস অব লর্ডস ও হাউস অব কমন্সের বিভিন্ন কমিটির সামনে সাক্ষ্য বা প্রমাণ উপস্থাপনের জন্যও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন চ্যালেঞ্জ নিয়ে গবেষণা, নীতি বিশ্লেষণ ও জননীতি সংলাপে তার দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। তার কাজের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ও পরবর্তী সমন্বয়, বাণিজ্য ও রপ্তানি সক্ষমতা, সামাজিক নিরাপত্তা, শ্রমবাজার, দারিদ্র্য ও বৈষম্য, আর্থিক অন্তর্ভুক্তি, অভিবাসন ও রেমিট্যান্স এবং সামষ্টিক অর্থনীতি।

বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক, জাতিসংঘ এবং বিভিন্ন উন্নয়ন অংশীদারের নীতি নির্ধারণী গবেষণায় তিনি নেতৃত্ব ও অবদান রেখেছেন। বিশেষ করে এলডিসি উত্তরণের প্রস্তুতি, সামাজিক নিরাপত্তা সংস্কার এবং আর্থিক অন্তর্ভুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তার কাজ রয়েছে।

বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের খণ্ডকালীন অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শিক্ষাজীবনে ড. আবদুর রাজ্জাক যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার অব সোশ্যাল সায়েন্স ডিগ্রি অর্জন করেছেন। তিনি বিভিন্ন বই, জার্নাল নিবন্ধ ও নীতিনির্ধারণী গবেষণাপত্রেরও লেখক।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে