×
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ধর্ষণের অভিযোগে সাময়িক নিষিদ্ধ বাংলাদেশি ক্রিকেটার

২০২৬ সেপ্টেম্বর ২৪ ১৭:৪৫:০৭
ধর্ষণের অভিযোগে সাময়িক নিষিদ্ধ বাংলাদেশি ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: ধর্ষণের দুটি অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাস। ২৪ বছর বয়সী এই ক্রিকেটারকে আগামী ৯ অক্টোবর ইনার লন্ডন ক্রাউন কোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফোর বরাতে এ তথ্য জানিয়েছে আরটিভি। অভিযোগের পর রবিন দাসকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে তার কাউন্টি দল এসেক্স।

মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩০ মার্চ লন্ডনের ব্রিকস্টোন এলাকায় এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ওই ঘটনার তদন্তের অংশ হিসেবে ২০২৫ সালের ২৭ আগস্ট রবিন দাসকে গ্রেপ্তার করা হয়।

দীর্ঘ তদন্তের পর চলতি বছরের ২৩ জুলাই তার বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়। এরপর তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।পুলিশ জানিয়েছে, মামলার ভুক্তভোগী নারীকে বিশেষজ্ঞ কর্মকর্তাদের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে রবিনের কাউন্টি দল এসেক্স ক্রিকেট ক্লাব জানিয়েছে, তাদের চুক্তিবদ্ধ একজন ক্রিকেটার ক্লাবের বাইরের একটি ঘটনার সূত্রে আদালতে হাজির হয়েছেন।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, শুরু থেকেই তারা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), পেশাদার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (পিসিএ), ক্রিকেট রেগুলেটর এবং সংশ্লিষ্ট খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ রাখছে।

আইনি প্রক্রিয়া চলমান থাকায় এ মুহূর্তে বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি নয় ক্লাবটি। পাশাপাশি ক্লাবের সুরক্ষা ও মানবসম্পদ-সংক্রান্ত নীতিমালা অনুযায়ী সব সদস্যকে পেশাদার আচরণ বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিন দাস চলতি মৌসুমের ওয়ানডে কাপে মিডলসেক্সের বিপক্ষে এসেক্সের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন। অভিযোগ গঠনের মাত্র দুই দিন আগে ওই ম্যাচটি খেলেন তিনি। সেটিই ছিল চলতি মৌসুমে এসেক্সের হয়ে তার প্রথম ও একমাত্র ম্যাচ।

২০২০ সালে এসেক্সের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় রবিন দাসের। ডানহাতি এই ব্যাটার এখন পর্যন্ত নয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন।২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে আলোচনায় আসেন তিনি। একই মৌসুমে টি-টোয়েন্টি ব্লাস্টের ফাইনালে ওঠা এসেক্সের স্কোয়াডেও ছিলেন এই ক্রিকেটার।

ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা রবিন দাসের বাবা বাংলাদেশি। ইংল্যান্ডে স্থায়ী হওয়ার আগে তার বাবা সিলেট বিভাগের সুনামগঞ্জের বাসিন্দা ছিলেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলেছেন রবিন। ২০২৩ সালের আসরে তাকে দলে নিয়েছিল ঢাকা ডমিনেটর্স। তবে ওই আসরে দুটি ম্যাচ খেলে দুটিতেই শূন্য রানে আউট হন তিনি।

রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগে আইনি প্রক্রিয়া চলমান। আগামী ৯ অক্টোবর ইনার লন্ডন ক্রাউন কোর্টে তার হাজির হওয়ার কথা রয়েছে।তবে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত রবিন দাস আইনগতভাবে দোষী সাব্যস্ত নন। মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ায় অভিযোগগুলোর বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে