×
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সাকিবের ঘাটতি পূরণে নতুন অলরাউন্ডার খুঁজছে বাংলাদেশ

২০২৬ সেপ্টেম্বর ২৪ ১৭:০৮:০১
সাকিবের ঘাটতি পূরণে নতুন অলরাউন্ডার খুঁজছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে সাকিব আল হাসানকে সর্বশেষ দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। এরপর রাজনৈতিক পরিস্থিতি ও তার বিরুদ্ধে থাকা মামলার কারণে তিনি দেশে ফিরতে পারছেন না। একই সময়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকেও প্রায় দুই বছর ধরে দূরে রয়েছেন এই অলরাউন্ডার।

সাকিবের অনুপস্থিতিতে তার জায়গা পূরণ করতে একাধিক ক্রিকেটারকে সুযোগ দিয়েছে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। তবে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই অবদান রাখার পাশাপাশি একাদশের ভারসাম্য তৈরিতে সাকিব যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন, এখন পর্যন্ত সেই ঘাটতি পুরোপুরি পূরণ করা সম্ভব হয়নি।

সাকিবের মতো একজন কার্যকর অলরাউন্ডারের প্রয়োজনীয়তা এখন বেশ ভালোভাবেই অনুভব করছে বাংলাদেশ দল। সেই বিষয়টি মাথায় রেখেই ভবিষ্যতের জন্য নতুন ক্রিকেটার খুঁজতে শুরু করেছেন দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।

মিরপুরে গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুশতাক জানান, এমন একজন বাঁহাতি স্পিনারের সন্ধানে রয়েছেন, যিনি একই সঙ্গে ব্যাট হাতেও কার্যকর ভূমিকা রাখতে পারবেন। তিনি বলেন, ‘এটা নিয়ে ভাবছি। এমন বাঁহাতি স্পিনার খুঁজছি, যে ব্যাটও করতে পারবে। হুট করে একটা বৃক্ষ তো গড়ে তুলতে পারবেন না।’

মুশতাক আরও বলেন, দলের বর্তমান পেসার রানা ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারেন। এখন দলের প্রয়োজন এমন একজন বাঁহাতি স্পিনার, যিনি ব্যাটিংয়েও অবদান রাখতে পারবেন। তার আশা, দ্রুতই এমন একজন ক্রিকেটারকে খুঁজে পাওয়া যাবে।

সাকিবের উত্তরসূরি হিসেবে এর আগে বেশ কয়েকবার মেহেদী হাসান মিরাজের নাম সামনে এসেছে। বয়সভিত্তিক ক্রিকেটে ব্যাট ও বল—দুই বিভাগেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটেও ব্যাট হাতে দলের হয়ে গুরুত্বপূর্ণ কিছু ইনিংস খেলেছেন মিরাজ।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে দুই বিভাগে সমান অবদান রাখতে পারেননি মিরাজ। সময়ের সঙ্গে সঙ্গে অফ স্পিনকেই নিজের প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ফলে প্রত্যাশা থাকলেও এখন পর্যন্ত সাকিবের সরাসরি উত্তরসূরি হয়ে ওঠা সম্ভব হয়নি তার পক্ষে।

তবে মিরাজকে সাকিবের সঙ্গে তুলনা করতে রাজি নন মুশতাক আহমেদ। বরং নিজের দায়িত্ব ঠিকভাবে পালনের ওপরই জোর দিচ্ছেন তিনি। মুশতাকের মতে, মিরাজকে প্রথমে ভালোভাবে বোলিং করতে হবে এবং কার্যকর ওভার উপহার দিতে হবে। এরপর আসবে উইকেট পাওয়ার বিষয়টি।

স্পিনারদের জন্য পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়াকেও গুরুত্বপূর্ণ বলে মনে করেন মুশতাক। কখন আক্রমণে যেতে হবে, কখন আক্রমণাত্মক না হয়ে বোলিং করতে হবে এবং ব্যাটারের শক্তির জায়গা বুঝে কীভাবে বল করতে হবে—এসব বিষয়ে স্পিনারদের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

মুশতাক বলেন, ‘তাকে ভালো বল করতে হবে, ভালো ওভার করতে হবে, তবেই উইকেট আসবে। এরপর আসে বিশ্বাসের বিষয়। স্পিন বিভাগকে বুঝতে হবে কখন অ্যাটাক করবে, কখন করবে না। ব্যাটারের স্ট্রেন্থ বুঝে বল করতে হবে। ভালো বল নয়, ভালো ওভার করতে হবে।’

প্রত্যয়/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে