×
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফুডপান্ডার এমডিসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০২৬ সেপ্টেম্বর ২৪ ১০:৩৭:২৫
ফুডপান্ডার এমডিসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা দুটি মামলায় ফুডপান্ডা বাংলাদেশের শীর্ষ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম মামলাগুলোর তদন্ত প্রতিবেদন গ্রহণের পর পৃথক দুটি আদেশে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বাদীপক্ষের আইনজীবী কাজী মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পরোয়ানাভুক্ত পাঁচ কর্মকর্তা হলেন—ফুডপান্ডা বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা, সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক জুবায়ের সিদ্দিকী, পান্ডামার্টের পরিচালক মোহাম্মদ তাবরেজ খান, হেড অব ক্যাটাগরি দিলারা ফারুক এবং সিনিয়র ম্যানেজার মোহাম্মদ সাজ্জাদুল হক।

মামলার নথি অনুযায়ী, চলতি বছরের জুন ও জুলাইয়ে গুলশান থানা পুলিশ পাঁচ কর্মকর্তাকে অভিযুক্ত করে আদালতে দুটি পৃথক তদন্ত প্রতিবেদন জমা দেয়। এর আগে গত বছরের ৩ জুলাই আইপিইএল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের স্বত্বাধিকারী শিহাব মাহমুদ বশির আদালতে মামলা দুটি দায়ের করেন।

মামলা দায়েরের পর আদালত গুলশান থানাকে অভিযোগগুলো তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তদন্ত শেষে পুলিশ দুটি পৃথক প্রতিবেদন আদালতে জমা দেয়। বুধবার আদালত ওই প্রতিবেদন গ্রহণ করে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

তবে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে—এমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। মামলার বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই অভিযোগগুলোর সত্যতা নির্ধারিত হবে।

এদিকে ফুডপান্ডা বাংলাদেশের সিস্টার কনসার্ন ‘ডেলিভারি হিরো স্টোরস (বাংলাদেশ)’ এক বিবৃতিতে জানিয়েছে, তারা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কর্মীদের বিরুদ্ধে আনা অভিযোগ মোকাবিলা করবে। প্রতিষ্ঠানটির দাবি, তাদের কোনো কর্মকর্তা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নন।

বিবৃতিতে প্রতিষ্ঠানটি আরও জানায়, কর্মীদের ওপর কোনো অপরাধের দায় চাপিয়ে না দিয়ে বিরোধের মূল বিষয়গুলো আদালতের সামনে তুলে ধরার বিষয়ে তারা অঙ্গীকারবদ্ধ। এখন আদালতের পরবর্তী কার্যক্রম ও মামলার বিচারিক প্রক্রিয়ার ওপরই পরবর্তী পরিস্থিতি নির্ভর করবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে