×
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

শেয়ারবাজারের ব্যাংকে টাকা থাকলেও তুলতে পারছেন না আমানতকারীরা

২০২৬ সেপ্টেম্বর ২৩ ২১:০৫:৩৯
শেয়ারবাজারের ব্যাংকে টাকা থাকলেও তুলতে পারছেন না আমানতকারীরা

নিজস্ব প্রতিবেদক: ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ থাকা সত্ত্বেও নিজেদের সঞ্চয়ের টাকা তুলতে পারছেন না শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারী। চেক জমা দিয়েও অর্থ না পাওয়ায় দিনের পর দিন শাখায় ঘুরতে হয়েছে তাদের। শেষ পর্যন্ত কোনো প্রতিকার না পেয়ে নিজেদের বৈধ আমানতের টাকা উত্তোলনের সুযোগ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগীরা।

ব্যাংকে থাকা নিজেদের অর্থ উত্তোলনের সুযোগ না দেওয়ার ঘটনাকে কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—এ বিষয়ে রুল জারির আবেদন জানিয়ে সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট আবেদন করা হয়েছে। রিটটির নম্বর ১৩৬৬৮/২০২৬।

রিট আবেদনে বলা হয়েছে, গত ১৭ সেপ্টেম্বর চার আমানতকারী সংশ্লিষ্ট শাখায় নিজেদের হিসাব থেকে অর্থ উত্তোলনের জন্য চেক জমা দেন। কিন্তু শাখা কর্তৃপক্ষ কোনো সুস্পষ্ট কারণ না দেখিয়ে চেকগুলো প্রক্রিয়াজাত করা এবং অর্থ পরিশোধ করতে অস্বীকৃতি জানায়।

ভুক্তভোগীদের একজন ময়মনসিংহের ভালুকা শাখার গ্রাহক মো. শামীম আহমেদ। তিনি ২ লাখ ২০ হাজার টাকা উত্তোলনের জন্য ৪৮৭১৬৮৪ নম্বরের চেক জমা দেন। তবে চেক জমা দেওয়ার পরও অর্থ না পেয়ে তাকে ফিরে যেতে হয়।

একই দিন টাঙ্গাইলের মির্জাপুর এসএমই শাখায় ৩০ হাজার টাকা উত্তোলনের জন্য চেক জমা দেন নাসিমা বেগম। তাঁর চেকের নম্বর এনএসবি-কে ৭২৩৬৪৩২। তিনিও ব্যাংক থেকে নিজের অর্থ তুলতে পারেননি।

এ ছাড়া মির্জাপুর এসএমই কৃষি শাখার আমানতকারী লাকি আক্তার এবং মির্জাপুর শাখার মোছা. সাথী বেগমও নিজেদের আমানতের অর্থ উত্তোলনের ক্ষেত্রে একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন বলে রিট আবেদনে উল্লেখ করা হয়েছে।

ব্যাংক শাখাগুলো থেকে অর্থ না পাওয়ার পর ভুক্তভোগীরা বিষয়টি বাংলাদেশ ব্যাংকের গ্রাহক স্বার্থ সুরক্ষা কেন্দ্র এবং আর্থিক সততা ও গ্রাহকসেবা বিভাগকে জানান। এ জন্য ই-মেইলের মাধ্যমে লিখিত অভিযোগও করা হয়। তবে অভিযোগের পরও নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে কোনো কার্যকর বা তাৎক্ষণিক পদক্ষেপ পাওয়া যায়নি বলে দাবি করেছেন তারা।

পরিস্থিতির কোনো সমাধান না হওয়ায় এবং দৈনন্দিন জীবনযাত্রার প্রয়োজন মেটাতে নিজেদের সঞ্চয়ের অর্থ উত্তোলনের সুযোগ চেয়ে শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হন চার আমানতকারী।

রিট মামলায় ভুক্তভোগীদের পক্ষে মো. শামীম আহমেদকে আমমোক্তার বা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের পক্ষে রিট আবেদনটি পরিচালনা করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মারুফ উল আবেদ।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে