×
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

থানার দরজা ভেঙে পালাল ১৭ কিশোর, কুমিল্লায় চাঞ্চল্য

২০২৬ সেপ্টেম্বর ২৪ ১২:২২:৪৬
থানার দরজা ভেঙে পালাল ১৭ কিশোর, কুমিল্লায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার দাউদকান্দিতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৮ কিশোরের মধ্যে ১৭ জন থানার একটি কক্ষের দরজা ভেঙে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় থানার ওই কক্ষে ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্র ও ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজের বরাতে জানা গেছে। তবে থানার ভেতরে এমন কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে দাউদকান্দি মডেল থানায় এ ঘটনা ঘটে বলে জানা যায়। এর আগে দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ২৮ জনকে আটক করে পুলিশ। পরে তাদের থানার একটি বিশেষ কক্ষে রাখা হয়।

স্থানীয় সূত্র ও ভিডিও ফুটেজের বরাতে জানা গেছে, রাতে ওই কক্ষে থাকা কয়েকজন কিশোর হঠাৎ দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে। এ সময় কক্ষের ভেতরে থাকা কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে আটক ২৮ জনের মধ্যে ১৭ জন থানা থেকে বেরিয়ে যায় বলে দাবি করা হয়।

এদিকে আটক কিশোরদের স্বজনদের দাবি, তাদের মধ্যে অধিকাংশের বিরুদ্ধে পুলিশের অপরাধসংক্রান্ত কোনো রেকর্ড নেই। কিশোরদের আটকের খবর ছড়িয়ে পড়ার পর বিকেল থেকেই স্বজন ও স্থানীয় কয়েকজন দাউদকান্দি মডেল থানার প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে সেখানে হট্টগোল ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

তবে থানার ভেতর থেকে ১৭ কিশোর পালিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম। তিনি বলেন, অপ্রয়োজনে ঘোরাফেরার কারণে সন্দেহভাজন হিসেবে ২৮ জনকে আটক করা হয়েছিল। তাদের স্বজনরা একসঙ্গে থানায় আসায় কিছুটা ভিড় তৈরি হয়।

ওসি জানান, রাত সাড়ে ১০টার দিকে ২২ জনকে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ছয়জনের বিষয়ে যাচাই-বাছাই চলছিল।

এর আগে বুধবার কুমিল্লা জেলাজুড়ে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে জেলা পুলিশ। জেলার ১৮টি থানায় একযোগে চালানো ওই অভিযানে মোট ৬২৪ কিশোরকে আটক করা হয়। এর মধ্যে দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৮ জনকে থানায় আনা হয়েছিল।

থানা থেকে ১৭ কিশোর পালিয়ে যাওয়ার অভিযোগ এবং এ সময় ভাঙচুরের ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। তবে ঘটনার প্রকৃত পরিস্থিতি এবং আটক কিশোরদের বিষয়ে পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য তদন্ত বা যাচাইয়ের পর আরও স্পষ্ট হতে পারে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে