×
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

তেলের বাজারে বড় পতন, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দাম

২০২৬ সেপ্টেম্বর ২৩ ১১:৪৮:৩৮
তেলের বাজারে বড় পতন, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দাম

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে টানা ষষ্ঠ সেশনে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি পাইপলাইন পুনরায় চালু হওয়ায় পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহ বাড়ার প্রত্যাশা তৈরি হয়েছে। এর প্রভাবে বুধবার (২৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ০৯ ডলার বা ১ দশমিক ১ শতাংশ কমে ৯৮ দশমিক ১৬ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৫০ ডলার বা ১ দশমিক ৬৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ০১ ডলারে নেমেছে।

তেলের দামে সাম্প্রতিক এই পতনের পেছনে মধ্যপ্রাচ্যে সরবরাহ পরিস্থিতির উন্নতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত ১১ সেপ্টেম্বর ইরাকি মিলিশিয়াদের ড্রোন হামলার কারণে সৌদি আরব তাদের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল। হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরবের তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পাইপলাইন দিয়ে ইয়ানবু বন্দরে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল তেল পাঠানোর সক্ষমতা রয়েছে, যা বৈশ্বিক চাহিদার প্রায় ৪ শতাংশের সমান।

মঙ্গলবার পাইপলাইনটি পুনরায় চালু হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। ফলে সরবরাহ বাড়ার সম্ভাবনা তেলের দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি করেছে।

এদিকে ইরাক থেকেও অপরিশোধিত তেল রপ্তানি বাড়ার খবর পাওয়া গেছে। দেশটির তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ জানিয়েছেন, ইরাকের অপরিশোধিত তেল রপ্তানি দৈনিক ৩০ লাখ ব্যারেল ছাড়িয়েছে। তুরস্কের মাধ্যমে এই রপ্তানি দৈনিক ৬ লাখ ব্যারেলে উন্নীত করার প্রক্রিয়াও চলছে বলে তিনি জানান।

অন্যদিকে যুক্তরাষ্ট্রেও তেলের মজুত বেড়েছে। ১৮ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির তেল মজুত ১৮ লাখ ব্যারেল বৃদ্ধি পেয়েছে। বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ার আশঙ্কা তৈরি হওয়ায় এটিও তেলের দামে নিম্নমুখী চাপ বাড়িয়েছে।

মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতি নিয়েও বাজারে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিলেও তার প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের মাধ্যমে ইরানি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে। নিউইয়র্কে অনুষ্ঠিত ওই আলোচনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা সংঘাত কমার সম্ভাবনা নিয়ে বাজারে কিছুটা আশাবাদ তৈরি হয়েছে।

এর আগে মঙ্গলবার ৮ সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে আসে। বুধবারও সেই পতনের ধারা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে।

তবে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি, তেল সরবরাহের নিরাপত্তা, যুক্তরাষ্ট্রের মজুত এবং সংঘাত নিরসনের অগ্রগতি—এসব বিষয় আগামী দিনগুলোতে আন্তর্জাতিক বাজারে তেলের দামের গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে