×
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

জন্মতারিখ সংশোধনের আগে জেনে নিন ইসির নতুন নিয়ম

২০২৬ সেপ্টেম্বর ২২ ১৯:০১:৪৫
জন্মতারিখ সংশোধনের আগে জেনে নিন ইসির নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্মতারিখ সংশোধনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন অনলাইনে যাচাই করা যায় এমন জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষাসনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন মাঠপর্যায়ের সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসারই নিষ্পত্তি করতে পারবেন।

রোববার (২০ সেপ্টেম্বর) ইসির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন এ-সংক্রান্ত একটি চিঠি দেশের সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে পাঠান। চিঠিতে মাঠপর্যায়ে জন্মতারিখ সংশোধনের আবেদন নিষ্পত্তি ও পরবর্তী তদারকির বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসির চিঠি অনুযায়ী, জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখ সংশোধনসংক্রান্ত পরিপত্রের আওতায় অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষাসনদের ভিত্তিতে করা আবেদনকে ‘ক’ ক্যাটাগরির আবেদন হিসেবে বিবেচনা করা হবে। তবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ এই সুবিধার আওতায় পড়বে না।

নতুন ব্যবস্থায় এ ধরনের ‘ক’ ক্যাটাগরির আবেদন সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসার নিজের পর্যায়েই নিষ্পত্তি করতে পারবেন। এর ফলে অনলাইনে যাচাইযোগ্য এসব শিক্ষাসনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন নিষ্পত্তির প্রক্রিয়া মাঠপর্যায়েই সম্পন্ন করার সুযোগ তৈরি হলো।

তবে আবেদন নিষ্পত্তির পাশাপাশি কর্মকর্তাদের কাজ নিয়মিতভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে বলা হয়েছে, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা তাদের অধীনস্থ কর্মকর্তাদের সম্পন্ন করা কার্যক্রম মনিটরিং করবেন।

এ জন্য দৈবচয়নের ভিত্তিতে প্রতি মাসে প্রত্যেক নিষ্পত্তি কর্মকর্তার ন্যূনতম তিনটি আবেদন নির্বাচন করে তা যথাযথভাবে নিষ্পত্তি হয়েছে কি না, সেটি যাচাই করতে হবে। পরে নির্ধারিত ছকে এ-সংক্রান্ত প্রতিবেদন পরিচালক (অপারেশন্স), এনআইডি উইংয়ের ইন্টারনাল অ্যাকাউন্টে পাঠাতে হবে।

ইসির নির্দেশনায় আরও বলা হয়েছে, গত ১৩ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত সময়ের কার্যক্রমের প্রতিবেদন ২১ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে। এরপর থেকে প্রতি মাসের প্রতিবেদন পরবর্তী মাসের প্রথম সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট ইন্টারনাল অ্যাকাউন্টে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

অর্থাৎ, অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষাসনদ থাকলে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এনআইডিতে জন্মতারিখ সংশোধনের আবেদন এখন সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসার পর্যায়েই নিষ্পত্তি করা যাবে। একই সঙ্গে আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে স্বচ্ছতা ও নিয়ম মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে